কঙ্গোয় তৎপরতা বন্ধের ঘোষণা এম২৩ বিদ্রোহীদের
গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর এম২৩ বিদ্রোহীরা বিদ্রোহী তৎপরতা অবসানের ঘোষণা দিয়েছে। সরকার দেশটির পূর্বাঞ্চলের যুদ্ধে চূড়ান্ত জয় দাবি করার পর বিদ্রোহীরা এ ঘোষণা দিল।
বিবিসি জানায়, এক বিবৃতিতে এম২৩ বিদ্রোহীরা বলেছে, তারা তাদের লক্ষ্য অর্জনে পুরোপুরিভাবে রাজনৈতিক পন্থা অবলম্বন করবে। দলটি তাদের যোদ্ধাদেরকে অস্ত্রসমর্পণ করারও আহ্বান জানায়।
এর আগে সরকার এম২৩ বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধে জয়লাভের ঘোষণা দিয়ে জানায়, বাকি বিদ্রোহীরা হয় সীমান্ত অতিক্রম করে পালিয়ে গেছে কিংবা আত্মসমর্পণ করেছে। আত্মসমর্পনকারী বিদ্রোহীদের সব অস্ত্র-শস্ত্র ধ্বংস করে ফেলা হয়েছে।
এখন সেনাবাহিনী অস্ত্র সমর্পণ না করা অন্য বিদ্রোহী দলগুলোর বিরুদ্ধে অভিযান চালাবে বলে জানিয়েছে।
২০১২ সালে নর্থ কিভু প্রদেশের রাজধানী গোমায় এম২৩ গোষ্ঠীর সশস্ত্র বিদ্রোহ শুরু হওয়ার পর থেকে অন্তত ৮ লাখ মানুষ বাড়িঘর ছেড়ে পালিয়েছে। তবে এখনো দেশটিতে তৎপরতা চালাচ্ছে আরো কয়েকটি সশস্ত্র গোষ্ঠী।
