২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নরওয়েতে বাস ছিনতাই, ৩ জনকে হত্যা

নরওয়ের পশ্চিমাঞ্চলে এক ব্যক্তি একটি বাস ছিনতাই করে এবং ছুরিকাঘাতে তিনজনকে হত্যা করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2013, 02:25 PM

Updated : 23 Aug 2022, 07:13 PM

পুলিশ জানায়, নিহতদের মধ্যে একজন নারী এবং দুইজন পুরুষ রয়েছেন। নিহত দুই পুরুষের একজন বাসচালক।

তবে অন্যান্য হতাহতের ব্যাপারে বিস্তারিত কিছু তারা জানাতে পারেনি বলে বিবিসি জানিয়েছে।

অসলোর ২২০ কিলোমিটার উত্তর-পশ্চিমে আর্ডাল এর কাছে একটি দুর্গম পাহাড়ি রাস্তায় স্থানীয় সময় ১৭:৩০ মিনিটে (১৬:৩০ জিএমটি) এ ঘটনা ঘটে।

পরবর্তী সময়ে অগ্নিনির্বাপকবাহিনীর সদস্যরা ওই ব্যক্তিকে আটক করে। প্রাথমিকভাবে ওই ঘটনাটিকে সড়ক দুর্ঘটনা হিসেবে লিপিবদ্ধ করা হয়েছিল।

পুলিশ কর্মকর্তা জোর্ন ল্যাস ফোয়েরডে স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলকে বলেন, “ওই তিনজন ছাড়া সেখানে আর কেউ হতাহত হয়েছে কিনা সে ব্যাপারে এই মুহূর্তে আমার কাছে কোনো তথ্য নেই।“

একজন প্রত্যক্ষদর্শী জানান, “বাসটি রাস্তার পাশে দাঁড় করানো ছিল। আমরা গাড়ি থামিয়ে সেদিকে দৌঁড়ে যাই।“

“বাসের দরজা খোলা প্রায় অসম্ভব ছিল। এরপর আমরা গাঢ় রংয়ের চামড়ার একজনকে দেখতে পাই। প্রথমে আমরা ভেবেছিলাম সে বাস থেকে বের হওয়ার চেষ্টা করছে। কিন্তু এরপর আমরা দেখতে পাই সে একটি ছুরি নিয়ে বাসের ভেতর ঘুরছে। তখন আমরা বুঝতে পারি পরিস্থিতি সম্পূর্ণই ভিন্ন।“

আক্রমণের কারণ এখনো স্পষ্ট নয়। ছুরিকাঘাতে আহত অবস্থায় ওই আক্রমণকারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।