আগুন থেকে বাঁচতে যেয়ে ট্রেনে চাপা
ভারতের অন্ধ্রপ্রদেশে আগুন আতঙ্কে চলন্ত ট্রেন থামিয়ে হুড়োহুড়ি করে নামতে গিয়ে অন্যদিক থেকে আসা আরেক ট্রেনের চাপায় অন্তত আট যাত্রী নিহত হয়েছেন। অপর দিকে দেশটির রাজধানী দিল্লিতে এক কারাখানায় অাগুন লেগে চার নারী শ্রমিকসহ ছয় শ্রমিক নিহত হয়েছেন।
শনিবার সন্ধ্যার এ দুটি ঘটনায় অন্ধ্রে ৮ জন ও দিল্লিতে আরো ১০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে এনডিটিভি।
প্রথম ঘটনাটি ঘটে অন্ধ্রপ্রদেশের পূর্বাঞ্চলীয় ভিজিয়ানাগরম শহর থেকে ১০ কিলোমিটার দুরের গথমাল স্টেশনে।
স্থানীয় সংবাদ সূত্র জানিয়েছে, ট্রেনের দুটি বগিতে আগুন লেগেছে এই গুজবে বোকারোগামী আলিপ্পি-ধনবাদ এক্সপ্রেস ট্রেনের যাত্রীরা চেন টেনে ট্রেনটি থামিয়ে দেয়। বাইরে রাতের অন্ধকারের মধ্যে ট্রেন থেকে সবাই হুড়োহুড়ি করে নামতে থাকে।
এ সময় বিপরীত দিকে থেকে আসা ‘রায়াগাদা-বিজয়াবাদা’ যাত্রিবাহী ট্রেনটি তাদের ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই আটজন নিহত ও আরো ৮ জন আহত হন।
সংবাদ সূত্রের ধারণা, গথমাল স্টেশনটির অবস্থান একটি বাঁকের মধ্যে হওয়ায় যাত্রিবাহী ট্রেনটির চালক সম্ভবত লাইনের ওপর লোকজনের ভিড় লক্ষ্য করেননি, কিংবা লক্ষ্য করার আগেই ভিড়ের ওপর দিয়ে ট্রেনটি চলে যায়।
মর্মান্তিক এ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রদেশের মূখ্যমন্ত্রী কিরণ কুমার রেড্ডি। দূর্ঘটনাটিকে “অত্যন্ত মর্মান্তিক” বলে অভিহিত করেছেন প্রাদেশিক রেলমন্ত্রী মল্লিকার্জুন খার্গে।
অপর ঘটনায় দিল্লির নতুন রঞ্জিত নগর এলাকায় একটি দোতলা ভবনে অবস্থিত ব্যাগ তৈরির কারখানায় আগুন লাগে। এক তলার কারাখানার ওই আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়ে।
এতে চার নারী শ্রমিকসহ ছয়জন আগুনে পুড়ে মারা যায়। অগ্নিদগ্ধ হয়ে আহত হয়ে আরো ১০ জন।
দমকল বাহিনীর সাতটি গাড়ি তিন ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানিয়েছেন দমকল বাহিনীর এক কর্মকর্তা।
বৈদ্যুতিক শক সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
