পাকিস্তান-তালেবান আলোচনা ‘শুরু’
পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ বলেছেন, তালেবানের সঙ্গে সরকার আলোচনা শুরু করেছে।
লন্ডনে ব্রিটিশ উপ-প্রধানমন্ত্রী নিক ক্লিগের সঙ্গে বৈঠকের সময় একথা বলেন নওয়াজ। লন্ডনস্থ পাকিস্তানি হাই কমিশনের এক বিবৃতিতে এ কথা জানানো হয়।
পাকিস্তানে ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে তৎপরতা চালাচ্ছে তেহরিকে পাকিস্তানি তালেবান। বছরের পর বছরের এ লড়াই থামাতে আলোচনার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছে সরকার।
নওয়াজ বিবৃতিতে তালেবানের সঙ্গে আলোচনা শুরুর কথা জানিয়ে বলেছেন, “এ আলোচনা সাংবিধানিক কর্মকাঠামোর আওতায় হোক এমনটিই তিনি চাইছেন এবং আশা করছেন”।
পাকিস্তান আলোচনা চালানোর পাশাপাশি সন্ত্রাস-বিরোধী তৎপরতা জোরদার করার চেষ্টা চালাচ্ছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
তবে এ আলোচনায় কে কে অংশ নিয়েছেন বা কি কি বিষয়ে আলোচনা চলছে সে প্রসঙ্গে কিছু বলেননি নওয়াজ।
ওদিকে, তালেবানের একটি সূত্র বিবিসি কে বলেছে, ইসলামাবাদের কাছ থেকে এ যাবৎ সরাসরি কোনো উদ্যোগ দেখেনি তারা। আদিবাসী অঞ্চলের তালেবান ঘাঁটিতে সরকারের কোনো দূতও যায়নি বলে জানায় ওই সূত্র।
