২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় পোলিও’র প্রাদুর্ভাব

যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার উত্তরপূর্বাঞ্চলে শিশুদের মধ্যে পোলিও দেখা দিয়েছে বলে নিশ্চিত করে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘ডব্লিউএইচও’।

রয়টার্স

>>.

রয়টার্স

Published : 29 Oct 2013, 07:45 PM

Updated : 23 Aug 2022, 07:10 PM

১৪ বছরের মধ্যে সিরিয়ায় পোলিও’র প্রাদুর্ভাব এই প্রথম।

পোলিও ধরা পড়া ২২ জনের বেশিরভাগই ছোট শিশু। এছাড়া, আরো ১২ শিশুর পোলিও সংক্রমণ পরীক্ষা করে দেখা হচ্ছে বলে মঙ্গলবার জানিয়েছে সংস্থাটি।

রোগটি দেশের ভেতরে-বাইরে ছড়িয়ে পড়ার ঝুঁকি সৃষ্টি হয়েছে বলেও সতর্ক করেছে ডব্লিউএইচও।

২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর আগে ৯৫ শতাংশ শিশুকেই পোলিও’র টিকা দেয়া হয়েছিল। কিন্তু গৃহযুদ্ধের কারণে টিকাদান কর্মসূচিতে ভাটা পড়ে।

এখন জাতিসংঘের হিসাবমতে, ৫ লাখ শিশু টিকা থেকে বঞ্চিত।

উন্নত দেশগুলোতে পোলিও অনেকটাই নির্মূল করা গেছে। কিন্তু নাইজেরিয়া, পাকিস্তান এবং আফগানিস্তানে তা এখনো ব্যাপক আকারে রয়ে গেছে।

বিবিসি’র এক সংবাদদাতা বলেছেন, সিরিয়ায় লড়াইরত বিদেশি দলগুলো থেকে দেশটিতে এ রোগের প্রাদুর্ভাব ঘটে থাকতে পারে।

ডব্লিউএইচও বলেছে, পূর্বাঞ্চলীয় দিয়ের এজোর প্রদেশে পোলিও’র প্রাদুর্ভাব ঘটেছে। দূষিত খাবার এবং পানি থেকে ঘটছে এ রোগ সংক্রমণ।

রোগটি খুব সহজেই ৫ বছরের কম বয়সী শিশুদের মধ্যে ছড়িয়ে পড়তে পারে।

বিশেষ করে সিরিয়ার আশেপাশের দেশগুলোর শরণার্থী শিবিরগুলোতে যে উদ্বাস্তু সিরীয় শিশুরা অস্বাস্থ্যকর পরিবেশে বাস করছে তাদের মধ্যে এ রোগ ছড়ানোর আশঙ্কা বেশি।

কেবলমাত্র দিয়ের এজোর প্রদেশেই ৫ বছরের কম বয়সী ১ লাখেরও বেশি শিশু এখন পোলিও সংক্রমণের ঝুঁকির মুখে আছে।

ওই প্রদেশটিতে সরকারি ও বিদ্রোহী বাহিনীর তীব্র লড়াই চলছে।