২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবারও বসতি নির্মাণের ঘোষণা ইসরায়েলের

অধিকৃত পশ্চিমতীর এবং পূর্ব জেরুজালেমে ইহুদি বসতির জন্য আরো ভবন নির্মাণের কাজ শুরু করার ঘোষণা দিয়েছে ইসরায়েল।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 25 Oct 2013, 03:42 PM

Updated : 23 Aug 2022, 07:09 PM

বৃহস্পতিবার দেশটির পক্ষ থেকে এ কথা জানানো হয়।

স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, নতুন ভবনের টেন্ডার আগামী সপ্তাহে ঘোষণা করা হতে পারে।

নাম প্রকাশ না করা একজন কর্মকর্তা এক বিবৃতিতে বলেন, “ফিলিস্তিনের সঙ্গে শান্তি আলোচনা পুনরায় শুরুর প্রাক্কালে সমঝোতা অনুযায়ী আগামী কয়েক মাসে ইসরায়েল অধিকৃত এলাকা এবং জেরুজালেমে ভবন নির্মাণের ঘোষণা দিয়ে যাবে।”

“যুক্তরাষ্ট্র এবং ফিলিস্তিন উভয়ই এই সমঝোতার ব্যাপারে অবগত।”

তবে এ ব্যাপারে যুক্তরাষ্ট্র ও ফিলিস্তিনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ইসরায়েল-ফিলিস্তিন বিষয় নিয়ে আলোচনার জন্য ইসরায়েলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বুধবার রোমে সাক্ষাৎ করেন। এর মাত্র একদিন পর ইসরায়েল এই ঘোষণা দেয়।

ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে বিরোধের প্রধান একটি কারণ জেরুজালেম। ১৯৬৭ সালের যুদ্ধে ইসরায়েল জেরুজালেম দখল করে। এরপর থেকেই জেরুজালেমের দখল নিয়ে দুই দেশ অশান্ত হয়ে ওঠে।

ইসরায়েলের জবরদখল ছাড়াও ভবিষ্যতে ইসরায়েলের উপনিবেশের কী হবে সেটা নিয়েও দুই দেশের মধ্যে মতবিরোধ চলছে।

ইসরায়েল চায় তাদের অধিবাসীরা সেখানেই থাকুক। এদিকে শরণার্থীদের নিজ বাড়িতে ‘ফেরার অধিকার’ দাবি করছে ফিলিস্তিন।

পুরো জেরুজালেমকে ইসরায়েল তাদের ‘সনাতন’ রাজধানী বলে মনে করে। ইসরায়েল তাদের পক্ষে সাফাই দেয়ার জন্য ইতিহাস এবং বাইবেলের সূত্রের কথা উল্লেখ করে।

যদিও বেশির ভাগ দেশ মনে করে পশ্চিমতীর এবং পূর্ব জেরুজালেম দখল করে ইসরায়েল যে উপনিবেশ গড়ে তুলেছে তা অবৈধ।
ওই এলাকায় ইসরায়েলের ৫ লাখ অধিবাসীর বিপরীতে ফিলিস্তিনের ২৫ লাখ অধিবাসী বসবাস করছে।