২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিবীয় প্রধানমন্ত্রীকে অপহরণের জন্য দুই নেতা ‘দায়ী’

প্রধানমন্ত্রী আলি জেইদানকে অপহরণের জন্য লিবীয় ন্যাশনাল কংগ্রেস অ্যাসেম্বলির (জিএনসি) ইসলামপন্থি বিরোধীদলীয় দুই আইনপ্রণেতা দায়ী বলে অভিযোগ করেছে দেশটির সরকার।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 21 Oct 2013, 12:29 PM

Updated : 23 Aug 2022, 07:07 PM

রোববার প্রধানমন্ত্রী জেইদান সাংবাদিকদের বলেছেন, “এরকম অনেক বাহিনী আছে যারা রাষ্ট্র গড়ে তোলার কাজে বাধা দিতে চায়।”

গত সপ্তাহে লিবীয় প্রধানমন্ত্রীকে অপহরণ করে কয়েক ঘন্টা আটকে রেখেছিল সাবেক বিদ্রোহীরা। ভোরবেলা অভিযান চালিয়ে রাজধানী ত্রিপোলির একটি হোটেল থেকে অপহরণ করা হয়েছিল তাকে। তবে কয়েক ঘন্টা পর তাকে ছেড়ে দেয়া হয়।

ছাড়া পাওয়ার পর জাতীয় কংগ্রেসে (জিএনসি) এই ঘটনার জন্য নিজের শত্রুদের দায়ী করেছিলেন প্রধানমন্ত্রী জেইদান।

এবার ওই ঘটনায় যুক্ত থাকার জন্য তার সরকার জিএনসি দুই সদস্য মুস্তফা আল তারিকি ও মুহাম্মদ আল কিলানি দায়ী বলে অভিয়োগ করেছে। এরা ইসলামপন্থি জাস্টিস এন্ড কন্সট্রাকশন পার্টির প্রতিনিধি।

অভিযুক্ত দুই আইনপ্রণেতাই অভিযোগ অস্বীকার করেছেন।

কিন্তু অল্প সময়ের ওই অপহরণ ও এজন্য দুই আইনপ্রণেতাকে সরাসরি দায়ী করায় লিবিয়ায় উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। এ ঘটনার আগে থেকেই কেন্দ্রীয় সরকার ও জিএনসি’র মধ্যে অচলাবস্থা বিরাজ করছিল, আর সাবেক বিদ্রোহীদের সরকারবিরোধী গোষ্ঠীগুলো বন্দুকের নলের মুখে তাদের ইচ্ছা চাপিয়ে দেয়ার চেষ্ট করছে।

জাস্টিস এন্ড কন্সট্রাকশন পার্টি ও স্বতন্ত্র সদস্যরা জিএনসি’তে উদারপন্থী প্রধানমন্ত্রী জেইদানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছে। এ বিষয়ে জিএনসি’তে ভোটাভুটির কথা আছে।

অনাস্থা প্রস্তাবকারীদের অভিযোগ, পরপর কয়েকটি প্রতিবাদ আন্দোলন ঠিকমতো সামাল দিতে পারেননি জেইদান, যার জের ধরে দেশের তেল রপ্তানি বন্দরগুলো বন্ধ হয়ে গেছে এবং লিবিয়ার তেল রপ্তানি হোঁচট খেয়েছে।

সাবেক ও নিহত একনায়ক মুয়াম্মার গাদ্দাফির পতনের দু্ই বছর পরও কোনো শক্ত ভিত্তির ওপর দাঁড়াতে পারেনি লিবীয় সরকার। নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব, সাবেক বিদ্রোহীদের নিরস্ত্র করতে না পারা, দেশে অস্ত্রের ছড়াছড়ি, এসবের কোনোটারই সমাধান করতে পারেনি গৃহযুদ্ধত্তোর সরকার।