২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় বোমা, সংঘর্ষে নিহত ৩১

সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে একটি সেনা তল্লাশি চৌকিতে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৬ সেনা সদস্য নিহত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2013, 06:09 PM

Updated : 23 Aug 2022, 07:07 PM

এরপর ওই এলাকায় সেনা অভিযানে অন্তত ১৫ জন বিদ্রোহী নিহত হয়েছেন।

শুক্রবার খ্রিস্টান অধ্যুষিত জারমানা শহরের নিকটবর্তী একটি সেনা চৌকিতে বোমা হামলা চালায় আল-কায়েদা সমর্থিত নুসরা ফ্রন্ট।

সিরিয়ান অবজারভেটোরি ফর হিউম্যান রাইটস জানায়, হামলার পর সেনা সদস্যরা বিদ্রোহীদের ওপর হামলা চালায়।

এ সময় জারমানা ও বিদ্রোহী নিয়ন্ত্রিত ম্লেহা শহরের মধ্যবর্তী একটি সেনা তল্লাশি চৌকিতে উভয়পক্ষের মধ্যে তুমুল লড়াই হয়।

বিদ্রোহীরা জারমানায় রকেট নিক্ষেপ করে। জবাবে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলোতে জঙ্গি বিমান থেকে হামলা চালায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদ অনুগতরা।

এদিকে নুসরা ফ্রন্টের সমর্থকরা টুইটে বলেছে, গাড়ির মধ্যে আত্মঘাতী বোমা হামলা চালানোর কথা থাকলেও বিস্ফোরণ ঘটানোর আগেই গাড়ি থেকে বের হয়ে আসেন হামলাকারী।

সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন বলেছে, সেনা তল্লাশি চৌকিতে সন্ত্রাসীদের বোমা হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত  জানায়নি তারা।

সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে উৎখাতে তার অনুগতদের সঙ্গে বিদ্রোহীদের গত আড়াই বছরের যুদ্ধে এক লাখের বেশি মানুষ নিহত হয়েছে।