২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন জাহাজের নাবিকদের গ্রেপ্তার করেছে ভারত

বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ নিয়ে সমুদ্রসীমায় ঢোকায় যুক্তরাষ্ট্রের একটি জাহাজের ৩৫ নাবিককে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ।

নিউজ ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2013, 11:51 AM

Updated : 23 Aug 2022, 07:06 PM

এনডিটিভি জানায়, প্রায় এক সপ্তাহ আগে আটক  এমভি সিম্যান গার্ড ওহিও জাহাজের এসব নাবিককে শুক্রবার গ্রেপ্তার দেখায় তামিলনাড়ু পুলিশ।

নাবিকদের মধ্যে আটজন ভারতীয় নাগরিক। বাকিরা যুক্তরাজ্য, এস্তোনিয়া ও ইউক্রেইনের নাগরিক।

অবৈধভাবে জলসীমায় প্রবেশের দায়ে গত শনিবার টুটিকোরিনের পূর্ব দিক থেকে জাহাজটি আটক করে ভারতের উপকূলরক্ষীরা। যুক্তরাষ্ট্রের সামরিক নিরাপত্তা কোম্পানি অ্যাডভান্টফোর্টের পরিচালনায় ছিল ওই জাহাজটি।

পুলিশ জানায়, নাবিকরা ভারতে বেশ কয়েকটি আইন লংঘন করেছেন। তাছাড়া জাহাজে কী কী অস্ত্র আছে তার কোনো তালিকাও তারা রাখেনি।

জাহাজ থেকে ৩১টি  রাইফেল এবং প্রায় চার হাজার রাউন্ড গুলি জব্দ করা হয়।
জাহাজের নাবিকদের বিরুদ্ধে একটি মাছ ধরার নৌকা থেকে অবৈধভাবে দেড় হাজার লিটার ডিজেল কেনারও অভিযোগ আনা হয়েছে।

এদিকে অ্যাডভান্টফোর্ট বলছে, ঘূর্ণিঝড় পাইলিনের আঘাত থেকে বাঁচতে ভারতের জলসীমায় আশ্রয় নেয় জাহাজটি।

এর আগে গত বছর ফেব্রুয়ারিতে কেরালা উপকূলে  দুই ভারতীয় জেলেকে গুলি করে হত্যা করে ইতালির দুজন নাবিক। বর্তমানে তারা ভারতে শাস্তি ভোগ করছেন।