২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘নাইজেরিয়ার কারাগারে শত শত বন্দির মৃত্যু’

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় কারাগারে ইসলামপন্থী বিদ্রোহী জঙ্গিদের ওপর সেনাবাহিনীর দমন-পীড়নে কয়েকশ’ বন্দি মারা গেছেন বলে জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2013, 01:39 PM

Updated : 25 Apr 2022, 07:23 PM

নিউ ইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংস্থাটি জানায়, কারাকক্ষগুলোতে ধারণ ক্ষমতার অতিরিক্ত বন্দি রাখায় দমবন্ধ হয়ে অনেক বন্দি মারা গেছেন। অন্যরা অনাহার এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে শিকার হয়েছে।

সংস্থাটি এসব হত্যাকাণ্ডের ব্যাপারে দ্রুত তদন্ত করার আহ্বান জানিয়েছে বলে বিবিসি জানায়।

তবে সেনাবাহিনীর পক্ষ থেকে এই প্রতিবেদনের বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

যদিও নাইজেরিয়ার সেনাবাহিনী এর আগে তাদের বিরুদ্ধে আনা মানবাধিকার লঙ্ঘণের সব অভিযোগ অস্বীকার করেছে।

এদিকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দাবি নাইজেরিয়ান সেনাবাহিনীর একজন জ্যেষ্ঠ কর্মকর্তা তাদের জানিয়েছেন, এ বছরের প্রথমার্ধে সামরিক হেফাজতে অন্তত ৯৫০ জন মানুষ মারা গেছেন।

নিহতদের বেশিরভাগই ইসলামপন্থী জঙ্গি গোষ্ঠী বোকো হারামের সদস্য।

নাইজেরিয়াকে ইসলামিক রাষ্ট্রে পরিণত করার জন্য দেশজুড়ে বোকো হারাম যোদ্ধাদের সঙ্গে নাইজেরিয়ার সেনাবাহিনীর লড়াই চলছে। এই জঙ্গি দলটি এরআগে বেশ কয়েকটি স্কুলে হামলা চালিয়েছে।

চলতি মাসের শুরুতে জঙ্গিরা প্রায় ৫০ জন স্কুল ছাত্রকে গুলি করে হত্যা করে। এই হামলা বোকো হারামের জঙ্গিরাই চালিয়েছে বলে সরকারের দাবি।

জঙ্গি হামলায় হাজার হাজার মানুষ মারা যাওয়ায় উত্তরাঞ্চলের তিনটি প্রদেশ ইয়োবে, বর্ন এবং আদামাওয়ায় জরুরি অবস্থা ঘোষণা করেছে নাইজেরিয়া সরকার।

তবে অ্যামনেস্টির এই প্রতিবেদন নাইজেরিয়ার উত্তরাঞ্চলের জীবনযাত্রার আরো একটি ভয়ঙ্কর দিক তুলে ধরেছে বলে মনে করেন বিবিসির নাইজেরিয়া প্রতিনিধি উইল রস।

অ্যামনেস্টি জানায়, কারাগারগুলোতে মানুষ মারা যাওয়ার হার অনেক বেশি। এই কারণে তাদের প্রায়ই গণকবর দেয়া হয়।