চলে গেলেন লেখক অস্কার হিজুলোস
কিউবান বংশোদ্ভূত আমেরিকান লেখক অস্কার হিজুলোস মারা গেছেন।
হিজুলোসের প্রতিনিধি জেনিফার লিওনস জানান, নিউ ইয়র্ক সিটিতে টেনিস খেলার সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে হিজুলোস মারা যান।
তার বয়স হয়েছিলো ৬২ বছর।
১৯৯০ সালে হিজুলোস তার দ্বিতীয় উপন্যাস ‘দ্য ম্যাম্বো কিংস প্লে সংস অব লাভ’ এর জন্য পুলিতজার পুরস্কার জেতেন।
তিনিই প্রথম কোনো ল্যাতিন আমেরিকান যিনি ওই পুরস্কার জিতেছিলেন বলে বিবিসি জানিয়েছে।
উপন্যাসটিতে কিউবার দুই ভাইয়ের গল্প বলা হয়েছে যারা একটি অর্কেস্ট্রা শুরু করার জন্য হাভানা থেকে নিউ ইয়র্কের উদ্দেশে যাত্রা করেন।
এই উপন্যাস অবলম্বনে ১৯৯২ সালে হলিউডে একটি চলচ্চিত্র নির্মাণ করা হয়। যেখানে আর্মান্ড আসান্তে এবং অ্যান্টোনিও বান্দেরাস অভিনয় করেন।
হিজুলোসের অনেক উপন্যাসেই অভিবাসীদের জীবন এবং আমেরিকায় এসে তাদের স্বপ্ন খোঁজার কথা উঠে এসেছে।
কিউবান পিতা-মাতার সন্তান হিজুলোস ১৯৫১ সালে নিউ ইয়র্কে জন্মগ্রহণ করেন।
স্থানীয় কলেজে পড়াশোনা শুরু করার আগে সুসান সন্টাগ, ডোনাল্ড বার্থেলমি এবং ফ্রেদেরিক তুতেনের মতো শিক্ষকদের অধীনে তিনি সৃজনশীল লেখা শেখেন।
১৯৮৩ সালে তার প্রথম উপন্যাস ‘আওয়ার হাউজ ইন দ্য লাস্ট ওয়ার্ল্ড’ প্রকাশিত হয়।
