২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভিয়েতমান যুদ্ধ বীর জেনারেল গিয়াপের শেষ বিদায়

ভিয়েতনামের মহান নেতা ও ভিয়েতনাম যুদ্ধের কিংবদন্তী বীর ভো গুয়েন গিয়াপকে শেষ বিদায় জানাতে দেশটির রাজধানী হ্যানয়ে ভিয়েতনামবাসীদের ঢল নেমেছিলো। ৪ অক্টোবর হ্যানয় সামরিক হাসপাতালে মারা যান ১০২ বছর বয়সী গিয়াপ।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 13 Oct 2013, 02:31 PM

Updated : 25 Apr 2022, 07:23 PM

রোববার গিয়াপের শেষ বিদায়য়ের সময় হ্যানয়ের রাস্তার দুইপাশে উপস্থিত জনসমুদ্রে কেউ চিৎকার করছিলো, কেউ কাঁদছিলো আবার কেউ তার ছবি তুলে ধরে সম্মান জানাচ্ছিলো।

ফ্রান্স এবং যুক্তরাষ্ট্রের আগ্রসন থেকে ভিয়েতনামকে মুক্ত করার মূল পরিকল্পনাকারী জেনারেল গিয়াপ বিশং শতাব্দীতে বিশ্বের গুরুত্বপূর্ণ সামরিক প্রধানে পরিণত হয়েছিলেন। গেরিলা যুদ্ধ কৌশলের ওপর লেখা তার বই বিশ্বজুড়ে বিপ্লবী এবং বিদ্রোহীদের অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করেছে।

দীর্ঘ চার বছর অসুস্থ ও চিকিৎসাধীন থাকার পর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ভিয়েতনামীদের কাছে ‘বড় ভাই’ হিসেবে খ্যাত গিয়াপের দুই দিনব্যাপি অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান উপলক্ষ্যে ভিয়েতনামের টেলিভিশন এবং রেডিওতে বিভিন্ন বেদনামূলক গান বাজানো হয়।

জেনারেল গিয়াপকে শেষ বিদায় জানাতে ভিয়েতনামের রাষ্ট্রীয় টেলিভিশনে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক গুয়েন ফু টং বলেন, “তিনি (গিয়াপ) জনগণের জেনারেল ছিলেন। তিনি সবসময় জনগণের হৃদয়ে এবং ইতিহাসের পাতায় বেঁচে থাকবেন। তার চলে যাওয়া আমাদের জন্য এক বিরাট ক্ষতি।”

২১ বছর বয়সী ছাত্র হুই হোয়াং রয়টার্সকে বলেন, “আমি কখনো বন্দুক বা বোমার শব্দ শুনিনি। কিন্তু আমি আমাদের ইতিহাস জানি। আঙ্কেল হো চি মিন এবং জেনারেল গিয়াপের পর তাদের মতো অন্য কাউকে খুঁজে পাওয়া খুব কঠিন। তারা ব্যক্তিগত লাভের চিন্তা না করে নিজের পুরো জীবনটাই দেশের জন্য উৎসর্গ করেছেন।“

গিয়াপের কফিন নিয়ে বিমানবন্দরে যাওয়ার পথে ৩০ কিলোমিটার (১৮ মাইল) রাস্তা জুড়ে হাজার হাজার মানুষ একবার কফিনটি ছুয়ে দেখার জন্য ঝাঁপিয়ে পড়ে।

কবর দেয়ার জন্য বিমানে করে গিয়াপের কফিন তার বাড়ি কিউয়াং বিন প্রদেশে নিয়ে যাওয়া হয়।

খাটো এবং কিছুটা হালকা-পাতলা গড়নের গিয়াপের কোনো সামরিক প্রশিক্ষণ ছিলো না।

কিন্তু ভারী অস্ত্রে সজ্জিত পরাশক্তি যুক্তরাষ্ট্রের (আমেরিকা) সেনাবাহিনীর বিরুদ্ধে তার জয়লাভ বিশ্ব ইতিহাসে এক অনন্য মাত্রা যোগ করেছে। আমেরিকানদের আগে গিয়াপের পরিকল্পনায় ওপনিবেশিক ফরাসি শক্তিকে পরাজিত করে ভিয়েতনামের গেরিলা বাহিনী।

এভাবেই ভিয়েতনামে চিরকালের জন্য ওপনিবেশিক শাসন ও বিদেশী হস্তক্ষেপ শেষ হয় এবং দেশটির কমিউনিস্ট শাসনকে শক্তিশালী ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করে।

গিয়াপের অন্ত্যেষ্টিক্রিয়া ভিয়েতনামের জনগণকে আবারো এক সুতায় বেঁধেছে। যুদ্ধক্ষেত্রে গিয়াপের ঐতিহাসিক জয়ের পরে দেশটির বর্তমান মোট জনসংখ্যার এক তৃতীয়াংশের জন্ম।