মালিতে নৌকাডুবিতে ২০ জনের মৃত্যু, বহু নিখোঁজ
মালির নাইজার নদীতে অতিরিক্ত যাত্রী এবং মাল বোঝাই একটি নৌকা ডুবে অন্তত ২০ জন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় ১৭০ জনের মতো মানুষ নিখোঁজ রয়েছেন।
শুক্রবার গভীর রাতে এ নৌকাডুবির ঘটনা ঘটে বলে শনিবার স্থানীয় বাসিন্দা ও সরকারি কর্মকর্তারা জানিয়েছেন।
নৌকাটি মপ্তি থেকে উত্তরের শহর টিম্বাকটু যাওয়ার পথে কোন্না টাউন থেকে প্রায় ৪ কিলোমিটার দূরে নাইজার নদীতে ডুবে যায়।
কোন্নার সরকারি কর্মকর্তা দেম্বা টিয়েমউগা জানিয়েছেন, তারা ২০টি মৃতদেহ ও জীবিত ২১০ জনকে উদ্ধার করেছেন। এ ঘটনায় আরো ১০ জন আহত হওয়ার কথা জানিয়েছেন তিনি।
মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
কোন্না হাসপাতালের এক কর্মকর্তার ধারণা, দূর্ঘটনার সময় নৌকাটিতে ৪শ’ জনের মতো যাত্রী ছিল।
শনিবার বিকেলে শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত ছিল।
খারাপ রাস্তা এবং সড়ক পথে যাতায়াত অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় পশ্চিম এবং মধ্য আফ্রিকায় নৌপথ যাতায়াতের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তবে এসব এলাকার নৌপথে প্রায়ই মারাত্মক দূর্ঘটনা ঘটে।
