২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের জাহাজ আটক করল ভেনেজুয়েলা

ভেনেজুয়েলার নৌবাহিনী গায়ানার জলসীমায় ‘অনুপ্রবেশ’ করে যুক্তরাষ্ট্রের একটি জাহাজ আটক করেছে বলে শুক্রবার অভিযোগ করেছে গিয়ানা সরকার।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 12 Oct 2013, 03:17 PM

Updated : 25 Apr 2022, 07:23 PM

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ওই জাহাজটি গায়ানা-ভেনেজুয়েলার বিতর্কিত জলসীমা এসিকুইবোতে তেল অনুসন্ধানে জরিপ চালানোর সময় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বিবিসি অনলাইন।

ভেনেজুয়েলার এ পদক্ষেপকে “আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বিরাট হুমকি” বলে বর্ণনা করেছে গায়ানা।

অপরদিকে ভেনেজুয়েলা দাবি করেছে, জাহাজটি ভেনেজুয়েলার জলসীমায় ‘অবৈধ অনুপ্রবেশ’ করেছিল।

টেকনিক পেরদানা নামের ওই জাহাজটি যুক্তরাষ্ট্রের টেক্সাসভিত্তিক কোম্পানি অ্যানাডার্কো পেট্রলিয়াম কর্পোরেশনের জরিপ জাহাজ। ঘটনার দিন ভেনেজুয়েলা নৌবাহিনীর একটি জাহাজ এসে টেকনিক পেরদানাকে জোরপূর্বক ভেনেজুয়েলার মার্গারিটা দ্বীপে নিয়ে যায়।

জাহাজটি ওই সময় সমুদ্র তলদেশে খনিজ তেল অনুসন্ধানে জরিপ চালাচ্ছিল।

ধরে নিয়ে যাওয়ার সময় জাহাজটিতে যুক্তরাষ্ট্রের অন্তত পাঁচজন নাগরিক ছিল বলে জানিয়েছে অ্যানাডার্কো পেট্রলিয়াম।

পানামার পতাকাবাহী টেকনিক পেরদানা জাহাজটি সিঙ্গাপুরেরর একটি সমুদ্র জরিপ কোম্পানির মালিকানাধীন জাহাজ বলে জানিয়েছে বিবিসি।

এক বিবৃতিতে গায়ানার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, “একটি বিষয় পরিষ্কার, ঘটনার সময় টেকনিক পারদেনা গায়ানার জলসীমায় ছিল।”

এর পরপরই পাল্টা এক বিবৃতিতে ভেনেজুয়েলার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, “ভেনেজুয়েলার জলসীমা ও নিজস্ব অর্থনৈতিক এলাকায় বিদেশি জাহাজ প্রবেশের বিষয়ে গায়ানা সরকার যেভাবে সমর্থন জানিয়েছে তাতে ভেনেজুয়েলা গভীর উদ্বেগ প্রকাশ করছে।”

বিবৃতিতে এ বিষয়ে গায়ানা সরকারের ব্যাখ্যাও দাবি করা হয়েছে।

এদিকে, অ্যানাডার্কোর মুখপাত্র ব্রায়ান কাইন বলেছেন, “আমরা প্রথমত এভি টেকনিক পেরদানার ক্রুদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। আমাদের ঠিকাদার জাহাজটিকে নিযুক্ত করেছে আর গায়ানা সরকারের পক্ষ থেকে সমুদ্র তলদেশে জরিপের কাজে রত ছিল জাহাজটি।”

“আমরা জাহাজ ও এর ক্রুদের মুক্তির জন্য গায়ানা সরকার, যুক্তরাষ্ট্রের উপকূলরক্ষী এবং দূতাবাস কর্মকর্তাদের পূর্ণ সহযোগিতা করছি,” বলেন তিনি।