২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে এক সপ্তায় ৪২ জনের মৃত্যুদণ্ড কার্যকর

গণহত্যা এবং জঙ্গি হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত ৪২ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরাক।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 11 Oct 2013, 03:06 PM

Updated : 23 Aug 2022, 07:05 PM

ইরাকের বিচার মন্ত্রণালয় এবং জাতিসংঘ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।

তবে মন্ত্রণালয়ের পক্ষ থেকে ওই ৪২ জনের নাম বা তারা কোন ধর্মের অনুসারী ছিলেন তা জানানো হয়নি।

বিচারমন্ত্রী হাসান আল শিমারি এক বিবৃতিতে বলেন, “ওই অপরাধীদের বিরুদ্ধে জঙ্গি হামলায় জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হয়েছে। তাদের কারণে কয়েক ডজন নিরীহ মানুষ প্রাণ হারিয়েছে। এছাড়া অন্য অপরাধগুলো দেশের নিরাপত্তা এবং স্থিতিশীলতা বিনষ্ট করার লক্ষ্যে সংগঠিত হয়েছে।“

জাতিসংঘ মিশনের পক্ষ থেকে বলা হয়, মঙ্গলবার এবং বুধবার এই মৃত্যুদণ্ড কার্যকর করা হয় এবং বিষয়টি খুবই উদ্বেগজনক। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই খবরকে ‘ভয়াবহ সতর্কবার্তা’ হিসেবে বর্ণনা করেছে।

উভয় সংগঠন দ্রুত মৃত্যুদণ্ডের শাস্তি স্থগিত করার জন্য বাগদাদের প্রতি আহ্বান জানিয়েছে। গত কয়েক বছরে ইরাকে মৃত্যুদণ্ড দেয়ার সংখ্যা অনেক বেড়ে গেছে।

অ্যামনেস্টি জানিয়েছে, ২০১১ সালে ইরাকে ৬৮টি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

আর গত সপ্তাহে ৪২ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় যা ২০১২ সালের মোট মৃত্যুদণ্ডের এক তৃতীয়াংশ। চীন এবং ইরানের পর ইরাকেই সবচেয়ে বেশি মৃত্যুদণ্ডের শাস্তি দেয়া হয়।

চলতি বছর ইরাকজুড়ে বিভিন্ন জঙ্গি হামলায় ছয় হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। এ সব হামলার বেশিভাগই ইসলামপন্থী সুন্নি জঙ্গি দল এবং আল-কায়েদার দ্বারা সংঘঠিত।

২০০৩ সালে ইরাক আক্রমণের পর যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন কর্তৃপক্ষ ইরাকে মৃত্যুদণ্ডের শাস্তি সাময়িকভাবে নিষিদ্ধ করেছিলো।

সমালোচকদের মতে, ইরাকের সাবেক স্বৈরাশাসক সাদ্দাম হোসেন বিরোধীদের রুখতে মৃত্যুদণ্ডকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতেন। সাদ্দামের পতনের পর ইরাকজুড়ে বেশ কয়েকটি গণকবর পাওয়া গেছে।

কিন্তু ২০০৫ সালে দেশটিতে জাতিগত সংঘাত শুরু হলে যারা ‘সন্ত্রাসী হামলা চালায়’ এবং যারা নৈরাজ্য সৃষ্টির পরিকল্পনা করে, এর জন্য অর্থ সংগ্রহ করে বা তাদের প্রস্তুত করে তাদের জন্য মৃতুদণ্ডের শাস্তি দেয়া শুরু হয়।

ইরাকের সুন্নি মুসলিম নেতাদের অভিযোগ সাদ্দামের পতনের পর শিয়া-নেতৃত্বাধীন সরকার তাদের চাপে রাখতে মৃত্যুদণ্ডের শাস্তিকে ব্যবহার করছে।