চলে গেলেন নভোচারী কার্পেন্টার
নাসার প্রথম নভোচারী দলের সদস্য স্কট কার্পেন্টার মারা গেছেন। তিনি মারকুরি-৭ নভোযানের মূল সদস্যদের একজন ছিলেন।
পরিবারের পক্ষ থেকে ৮৮ বছর বয়সী কার্পেন্টারের মৃত্যুর খবর জানানো হয়।
সেপ্টেম্বরে স্ট্রোকের পর থেকেই কার্পেন্টার বিভিন্ন জটিলতায় ভুগছিলেন বলে জানান তার স্ত্রী প্যাটি ব্যারেট।
কার্পেন্টার ১৯৬২ সালে দ্বিতীয় আমেরিকান হিসেবে অরোরা-৭ এ করে পৃথিবীর কক্ষপথ পরিভ্রমণ করেন।
১৯৬৯ সালে নাসা থেকে অবসর গ্রহণের পর তিনি সমুদ্রবিজ্ঞান নিয়ে কাজ শুরু করেন।
বর্তমানে মারকুরি দলের সর্বশেষ জীবিত সদস্য জন গ্লেন। তিনি পৃথিবীর কক্ষপথ পরিভ্রমণের প্রথম অভিযানের সদস্য।
কলোরাডোতে জন্ম নেয়া কর্পেন্টার ১৯৪৯ সালে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীতে যোগ দেন। কোরিয়ার যুদ্ধের সময় তিনি পাইলট হিসেবে কাজ করেছেন।
১৯৫৯ সালের এপ্রিলে তিনি মারকুরির মূল সাতজন নভোচারীর একজন হিসেবে নির্বাচিত হন এবং নাসার প্রশিক্ষণ গ্রহণ করেন। ১৯৬২ সালের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের কোনো নভোযান প্রথমবারের মতো পৃথিবীর কক্ষপথ পরিভ্রমণে যায়। ওই নভোযানের পাইলট জন গ্লেনের ব্যাকআপ পাইলট ছিলেন কার্পেন্টার।
পৃথিবীতে ফেরার সময় কার্পেন্টার তার ক্যাপসুলটিকে যথাস্থানে ল্যান্ড করাতে ব্যর্থ হন। নাসা এবং পুরো জাতি গভীর উদ্বেগের সঙ্গে দেখছিল তিনি শেষ পর্যন্ত বাঁচতে পারেন কিনা।
অবশেষে নির্দিষ্ট স্থান থেকে ২৮৮ কিলোমিটার দূরে ক্যাপসুলটি ল্যান্ড করাতে সক্ষম হন কার্পেন্টার। নৌবাহিনী তাকে ক্যারিবীয় অঞ্চল থেকে উদ্ধার করে।
এরপর জন গ্লেনের সঙ্গে এক যৌথ বক্তব্যে কার্পেন্টার বলেন, “আপনার সামনে সম্পূর্ণরূপে কালো একটি আকাশ, দেখছেন এটা ৯০ হাজার ফুট ওপরে এবং বুঝতে পারছেন আপনি সরাসরি ওপরেই উঠছেন। বিষয়টা আমার মনে দাগ কেটে গিয়েছিল এবং মনে হয়েছিল আমি কি করছি?”
আর কখনো মহাকাশ অভিযানে যাননি কার্পেন্টার। এরপর তিনি নৌবাহিনীর সিল্যাব-২ তে যোগ দেন। ১৯৬৫ সালে তিনি ক্যালিফোর্নিয়া উপকূলে সমুদ্রের নিচে ৩০ দিন কাটান।
