শান্তির জন্য তালেবানের সঙ্গে আলোচনা চান মালালা
শান্তির জন্য জঙ্গিদের সঙ্গে কথা বলতে হবে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের কিশোরী নারীশিক্ষাকর্মী মালালা ইউসুফজাই।
সম্প্রতি বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে মালালা এ কথা বলেন।
তিনি বলেন, “যুদ্ধ বন্ধ ও সমস্যা সমাধানের জন্য সবচেয়ে ভালো পথ হচ্ছে আলোচনা করা।”
“তবে এটি আমার কাজ না। এটি সরকারের দায়িত্ব এবং আমেরিকারও দায়িত্ব,” বলেন তিনি।
জুলাইয়ে তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও আফগান সরকারের পরিকল্পিত আলোচনা ভেস্তে যায়।
কাতারের রাজধানী দোহায় তালেবানের থোলা নতুন দপ্তরের মর্যাদা কি হবে তাই নিয়ে টানপড়েনে উদ্যোগটি ব্যর্থ হয়ে যায়।
দাবি নিয়ে তালেবানের আলোচনাকে গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে বর্ণনা করেন মালালা।
তিনি বলেন, “তারা যা করতে চায় তা আলোচনার মাধ্যমেই করতে হবে। মানুষকে হত্যা করা, নির্যাতন করা ও আক্রমণ করা পুরোপুরি ইসলামবিরোধী কাজ। তারা ইসলামের নাম ব্যবহার করে এর অপব্যবহার করছে।”
২০১২ সালের অক্টোবরে স্কুলবাসে করে যাওয়ার সময় তার ওপর হামলা চালায় তালেবান অস্ত্রধারী জঙ্গিরা। মাথায় গুলিবিদ্ধ মারাত্মক আহত অবস্থায় ১৬ বছরের মালালাকে যুক্তরাজ্যে নিয়ে চিকিৎসা করা হয়।
চলতি অক্টোবরে মালালার ওপর হামলার বছর পূর্তি হচ্ছে।
বেশ কয়েকটি অস্ত্রোপচারের মাধ্যমে তার ক্ষতিগ্রস্ত মাথার খুলি ঠিক করা হয়। এজন্য কয়েক মাস তাকে হাসপাতালে থাকতে হয়।
সুস্থ্য হওয়ার পর জুলাইতে তিনি জাতিসংঘে ভাষণ দেন। এছাড়া এরই মধ্যে বেশ কয়েকটি আন্তর্জাতিক পুরস্কারেও ভূষিত হয়েছেন তিনি। চলতি বছরের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীতদের মধ্যেও তিনি অন্যতম।
বয়সে এখনও কিশোরী মালালা এখন যুক্তরাজ্যের বার্মিংহামে বসবাস করছেন। পাকিস্তানে ফিরে গিয়ে রাজনীতিতে যোগ দিতে চান তিনি।
“ভবিষ্যতে আমি রাজনীতিবিদ হতে চাই। আমি আমার দেশের ভবিষ্যৎকে পাল্টে দিতে চাই। আমি শিক্ষাকে সবার জন্য বাধ্যতামূলক করতে চাই,” বলেন তিনি।
