যুক্তরাষ্ট্রের সেনা অভিযানে আল কায়েদা নেতা আটক
নাইরোবির শপিং মলে ইসলামি জঙ্গিদের প্রাণঘাতী হামলার দুই সপ্তাহ পর আফ্রিকার লিবিয়া ও সোমালিয়ায় অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্রের সেনারা। এ সময় লিবিয়া থেকে আল কায়েদার অন্যতম শীর্ষ নেতা আনাস আল লিবিকে আটক করেছে তারা।
শনিবার ভোররাতে যুক্তরাষ্ট্রের নেভি সিল টিমের সদস্যরা এসব অভিযান চালিয়েছে বলে বিভিন্ন সূত্রের বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স।
১৯৯৮ সালে আফ্রিকার কেনিয়া ও তাঞ্জানিয়ায় যুক্তরাষ্ট্র দূতাবাসে বোমা হামলায় জড়িত থাকার অভিযোগে লিবিকে ধরার চেষ্টায় ছিল যুক্তরাষ্ট্র। পূর্ব্ আফ্রিকার ওই দুটি দূতাবাসে বোমা হামলায় ২শ ২৪ জন মানুষ নিহত হয়েছিল।
২০১১ সালে গৃহযুদ্ধ চলাকালে লিবি লিবিয়ায় এসেছিল বলে এক গোয়েন্দা সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে সিএনএন।
লিবিয়া থেকে লিবিকে আটক করা গেলেও সোমালিয়ার বারাবি শহরে চালানো অভিযান থেকে কাউকে আটক করা যায়নি বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্রের কয়েকজন কর্মকর্তা।
৪৯ বছর বয়সী লিবিকে ধরতে তথ্য জানানোর জন্য ৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র সরকার।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় (পেন্টাগন) জানিয়েছে, “আল শাবাবের পরিচিত এক সন্ত্রাসীকে ধরার জন্য সোমালিয়ায় অভিযান চালিয়েছে সেনারা।” তবে পেন্টাগণ বিস্তারিত আর কিছু জানায়নি।
দেশটির নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানিয়েছেন, আল শাবাবের য়ে নেতাকে ধরার জন্য অভিযান চালানো হয়েছে, তাকে ধরা বা হত্যা করা যায়নি।
আল শাবাবের ওই নেতার পরিচয় প্রকাশ করেননি যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। তারা জানিয়েছেন, অভিযানের সময় যুক্তরাষ্ট্রের সেনারা বেসামরিক লোকজনের ক্ষতি এড়ানোর চেষ্টা করেছে। আল শাবাবের কিছু সদস্য আহত হওয়ার পর তারা ফিরে আসে।
অভিযানে যুক্তরাষ্ট্রের কোনো সেনা হতাহত হয়নি বলেও জানিয়েছেন তারা।
