২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘পাকিস্তান কারো সঙ্গে অস্ত্র প্রতিযোগিতা করছে না’

প্রতিবেশী ভারতের সঙ্গে হাজার হাজার কোটি টাকার অস্ত্র প্রতিযোগিতায় লিপ্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ দাবি করেছেন, তার দেশ কারো সঙ্গে অস্ত্র প্রতিযোগিতা করছে না।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2013, 01:56 PM

Updated : 23 Aug 2022, 07:02 PM

শুক্রবার পাকিস্তানের ন্যাশনাল কমান্ড সেন্টার (এনসিসি) পরিদর্শনে গিয়ে নওয়াজ এ মন্তব্য করেন বলে দ্য ডন জানিয়েছে।

এ সময় তিনি তার সরকারের হামলা না হলে আক্রমণে না যাওয়ার নীতি (মিনিমাম ডিটারেন্স) পুনর্ব্যক্ত করেন।

নওয়াজ সম্প্রতি নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনের যোগ দেয়ার পাশাপাশি আরেকটি উচ্চ পর্যায়ের বৈঠকে নিউক্লিয়ার নিরস্ত্রীকরণ নিয়ে বক্তব্য দেন।

শুক্রবার তিনি এনসিসি’র “কৌশলগত এলাকা” ও “অস্ত্র সংরক্ষণাগার এলাকা” পরিদর্শন করেন। এ সময় পাকিস্তান সরকার ও সামরিক বাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন।

এর আগে ৫ সেপ্টেম্বর পাকিস্তানের ন্যাশনাল কমান্ড অথরিটি’র (এনসিএ) সঙ্গে এক বৈঠকে নওয়াজ বাইরের যে কোনো হামলা মোকাবিলায় “পূর্ণাঙ্গ পাল্টা হামলা” কর্মসূচী ঘোষণা করেন।

ন্যাশনাল কমান্ড অথরিটির কমান্ড সেন্টার পরিদর্শনকালে পাকিস্তানের প্রধানমন্ত্রী দাবি করেন, তার দেশ কোনো দেশের সঙ্গে অস্ত্র প্রতিযোগিতায় লিপ্ত নয়। কিন্তু দক্ষিণ এশিয়া অঞ্চলের পরিবর্তিত নিরাপত্তা পরিস্থিতির দাবি অনুযায়ী পূর্ণ প্রতিরোধের সক্ষমতা অর্জনের জন্য সচেষ্ট।

পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী নওয়াজকে এনসিসি’র সিদ্ধান্ত গ্রহণ, কৌশলগত কমান্ড, কন্ট্রোল ও সাপোর্ট সিস্টেমের বিষয়ে অবহিত করা হয় বলে জানিয়েছে পাকিস্তান প্রধানমন্ত্রীর দপ্তর।