২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘সাহিত্যপাঠে বুদ্ধিমত্তার প্রকাশ বেশি ঘটে’

সাহিত্যপড়ুয়া ব্যক্তি অন্যদের তুলনায় একাত্মতা, সামাজিক উপলব্ধি ও আবেগময় বুদ্ধিমত্তার প্রকাশ বেশি ঘটাতে পারেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2013, 01:18 PM

Updated : 23 Aug 2022, 07:02 PM

সম্প্রতি একটি বিজ্ঞানভিত্তিক জার্নালে এ তথ্য প্রকাশ করা হয় বলে এনডিটিভির এক খবরে বলা হয়েছে।

জার্নালে প্রকাশিত তথ্যে বলা হয়, চাকরির জন্য সাক্ষাৎ বা অচেনা কারো সঙ্গে দেখা করতে যাওয়ার আগে জনপ্রিয় বা গম্ভীর কোনো বিষয় পড়া ব্যক্তির তুলনায় সাহিত্য পড়ে যাওয়া ব্যক্তি বুদ্ধিমত্তার প্রকাশ অনেক ভালোভাবে করতে পারেন।

এর কারণ সম্পর্কে গবেষকরা বলেন, সাহিত্যের মধ্যে কাল্পনিক অনেক বিষয় থাকে যেটা চরিত্র সম্পর্কে একটি ধারণায় উপনীত হওয়ার জন্য পাঠকে উৎসাহ দেয়। সেই সঙ্গে পাঠকের আবেগের তারতম্য ও জটিলতা আরো ভালোভাবে উপলব্ধি করার ক্ষমতা বাড়িয়ে দেয়।

নিউ ইয়র্কের ‘দ্য নিউ স্কুল ফর সোস্যাল রিসার্চের’ সামাজিক মনোবৈজ্ঞানিকরা এই গবেষণাটি করেন। তারা ‘আমাজন ডটকম’ সাইটের মাধ্যমে গবেষণায় অংশগ্রহণকারীদের খুঁজে বের করেন। ছোট চাকরি শেষে টাকা উপার্জনের জন্য এই সাইটটিতে মানুষ সাইন আপ করে।

পাঁচটি পরীক্ষার প্রত্যেকটির জন্য ১৮ থেকে ৭৫ বছর বয়সী মানুষকে বেছে নেয়া হয়। কয়েক মিনিট পড়ার জন্য অংশগ্রহণকারীদের দুই থেকে তিন মার্কিন ডলার দেয়া হয়।

তাদের কাউকে পুরস্কার প্রাপ্ত সাহিত্যের (ডন ডেলিলো, ওয়েনডেল বেরি) কিছু অংশ পড়তে দেয়া হয়। আবার কাউকে সর্বোচ্চ বিক্রির তালিকায় থাকা গ্রন্থের কিছু অংশ পড়তে দেয়া হয়। কাউকে সত্যি ঘটনা অবলম্বনে লেখা গ্রন্থ থেকে পড়তে দেয়া হয়।

পড়া শেষে অথবা কিছু ক্ষেত্রে না পড়া অংশগ্রহণকারীদের কম্পিউটারের মাধ্যমে বেশ কয়েকটি পরীক্ষা নেয়া হয়। যে পরীক্ষাগুলোয় তাদের ব্যক্তির আবেগিক অবস্থা বা তার চাহিদা সম্পর্কে অনুমান করতে বলা হয় বা একটি নির্দিষ্ট ছবি দেখে সেটা সম্পর্কে অনুমান করতে বলা হয়।

যেমন একটি পরীক্ষা ছিলো ‘চোখ দেখে মনের অবস্থা বোঝা’। সেখানে অংশগ্রহণকারীদের দু’চোখের ৩৬টি ছবি দেখানো হয়।
সেখানে নারীদের ‘স্মোকি আইস’ কি ভীতবিহ্বল বা সন্দিহান মনোভাব প্রকাশ করে? সে আগ্রহী নাকি বিরক্ত এ ধরনের আরো অনেক মনোভাব সম্পর্কে অনুমান করতে বলা হয়।

যদিও আগেও বেশ কিছু গবেষণায় দেখা গেছে পাঠ্যবস্তু আমাদের সামাজিক ও আবেগিক ক্ষমতাকে প্রভাবিত করে। কিন্তু মনোবৈজ্ঞানিক এবং অন্যান্য বিশেষজ্ঞরা মনে করেন এবারের গবেষণা অনেক বেশি শক্তিশালী হয়েছে। কারণ এটা সরাসরি সম্পর্কের কথা বলেছে। মাত্র কয়েক মিনিট সাহিত্য পড়ে অংশগ্রহণকারীরা কয়টি সঠিক বা ভুল উত্তর দিয়েছে সেটা এবার গণনা করা গেছে।

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে অবসরপ্রাপ্ত অধ্যাপক এবং অভিব্যক্তিমূলক মনোবৈজ্ঞানিক ড. নিকোলাস হামফ্রে এই গবেষণা সম্পর্কে বলেন, “এটা সত্যিই খুব গুরুত্বপূর্ণ ফলাফল।“

ড. হামফ্রে মানুষের বুদ্ধিমত্তার ব্যাপকতা সম্পর্কে একটি বই লিখেছেন এবং তিনি এই গবেষণায় অংশগ্রহণ করেননি।

তিনি আরো বলেন, “তারা অংশগ্রহণকারীদের তিন থেকে পাঁচ মিনিট পড়তে দিয়েছে এবং তারা ফলাফল পেয়েছে যেটা খুবই চমকপ্রদ।“