মেক্সিকোয় বাস দুর্ঘটনায় নিহত ১৪
মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে এক বাস দুর্ঘটনায় অন্ততপক্ষে ১৪ জন নিহত ও ২৫ জন আহত হয়েছেন।
রাজধানীর প্রান্তীয় পাহাড়ি এলাকায় শুক্রবার এই ঘটনা ঘটে।
তলুকা শহরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বাসটি পাহাড়ি রাস্তা দিয়ে যাওয়ার সময় ছিটকে নিচে পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে।
মেক্সিকোর প্রধান আইন কর্মকর্তা মিগুয়েল অ্যাঞ্জেল কন্ট্রেরাস বলেন, “অন্যকোনো গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়নি। কিন্তু এরপরও বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড় থেকে ১০০ কিংবা ১২০ মিটার নিচে পড়ে যায়।”
এই দুর্ঘটনার কারণ এখনো পর্যন্ত পরিষ্কার নয় বলে তিনি জানান।
স্থানীয় টেলিভিশন ফুটেজে দেখা যায়, বাসটি উল্টে আছে। আশপাশে গাছের ভেঙ্গে যাওয়া ডাল-পালা ছড়িয়ে রয়েছে। আর জরুরি উদ্ধারকর্মীরা বেঁচে যাওয়াদের উদ্ধারে তৎপরতা চালাচ্ছেন।
