নিরাপত্তা পরিষদের সদস্য হতে চায় ইসরায়েল
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পর্যায়ক্রমিক আসনের জন্য নির্বাচনে নামার পরিকল্পনা করছে ইসরায়েল। ২০১৯-২০২০ সালের নির্বাচনে দেশটি প্রার্থী হওয়ার কথা ভাবছে।
বৃহস্পতিবার জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত রন প্রোসোর বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, “আমরা জয়ের জন্য সবকিছু করতে যাচ্ছি। এটা সময়ের ব্যাপার মাত্র।“
জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা ১৯৩। নিরাপত্তা পরিষদের আসন জিততে হলে সাধারণ সভায় প্রার্থী রাষ্ট্রকে দুই-তৃতীয়াংশ ভোট পেতে হবে। পাঁচটি আঞ্চলিক দল থেকে প্রার্থীরা নির্বাচনে অংশ নিতে পারে। তবে নির্বাচন পূর্ণ সভায় অনুষ্ঠিত হয়।
প্রোসো জানান, ‘ওয়েস্টার্ন ইউরোপ অ্যান্ড আদারসগ্রুপ’ এর দুইটি আসনের জন্য জার্মানি ও বুলগেরিয়ার সঙ্গে প্রতিযোগিতায় নামতে হবে ইসরায়েলকে।
যদি মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোর মতো ইসরায়েলের ‘এশিয়া-প্যাসিফিক দল’ এ পড়ার কথা ছিল। কিন্তু প্রধানত মুসলিম দেশগুলো এই দলে ইসরায়েলের অন্তর্ভুক্তিতে আপত্তি জানায়।
২০০০ সালে সাময়িকভাবে ইসরায়েলকে ‘ওয়েস্টার্ন ইউরোপ অ্যান্ড আদারসগ্রুপ’ অন্তর্ভুক্ত করা হয়। ২০০৪ সালে দেশটিকে ওই গ্রুপে স্থায়ী করা হয়।
এ ব্যাপারে জাতিসংঘের কূটনীতিকরা জানিয়েছেন, নিরাপত্তা পরিষদের আসন পাওয়া সহজ নয়। কারণ জাতিসংঘের উন্নয়নশীল ১২০টি সদস্য রাষ্ট্রের বেশিরভাগের সঙ্গে ইসরাইলের সম্পর্ক হয় ঠাণ্ডা অথবা সরাসরি বিরোধী।
২০১২ সালের নভেম্বরে পর্যবেক্ষক অঞ্চল থেকে জাতিসংঘের অ-সদস্য রাষ্ট্রে উন্নীত হয় ফিলিস্তিন। যদিও ইসরায়েল এর ঘোর আপত্তি জানিয়েছিল। কিন্তু ইসরায়েলের এই আপত্তি পুরোপুরি উপেক্ষিত হয়ে ১৩৮টি ভোট পড়ে ফিলিস্তিনের পক্ষে। ৪১ সদস্য ভোট দেয়া থেকে বিরত থাকে, আর ফিলিস্তিনের বিপক্ষে পড়ে মাত্র নয়টি ভোট।
নিরাপত্তা পরিষদে পর্যায়ক্রমিকভাবে ১০ সদস্য রাষ্ট্র দুই বছরের জন্য কাজ করে। প্রত্যেক বছর পাঁচ সদস্যরাষ্ট্র পরিবর্তিত হয়ে পর্যায়ক্রমিকভাবে অন্য সদস্য রাষ্ট্রকে অন্তর্ভুক্ত করা হয়। নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্য হচ্ছে: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া ও চীন।
আগামী বছরের নিরাপত্তা পরিষদের জন্য ১৭ অক্টোবর সাধারণ সভা নির্বাচন অনুষ্ঠিত হবে।
