ইতালির নৌকাডুবিতে নিহত ৩০০ ছাড়ানোর শঙ্কা
ইতালির ছোট্ট দ্বীপ লেমপেদুসার কাছে আফ্রিকার অভিবাসী বহনকারী নৌকাডুবির ঘটনায় নিহতের সংখ্যা তিনশ ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিবিসি ও রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার নৌকাডুবির পর সাগর থেকে ১০৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। আরো অন্তত ২০০ জনের কোনো খোঁজ পাননি উদ্ধারকর্মীরা।
নৌকাটির প্রায় ৫০০ আরোহীর মধ্যে ১৫১ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।
ইতালীয় কোস্ট গার্ড কর্মকর্তা ফ্লোরিয়ানা সেগ্রিতো জানিয়েছেন, তাদের উদ্ধার তৎপরতা এখনো চলছে।
নৌকাডুবিতে হতাহতের এই ঘটনায় এক দিনের জাতীয় শোক পালন করছে ইতালি। শুক্রবার ইতালির সব স্কুলে পালন করা হয়েছে এক মিনিট নীরবতা।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের মুখপাত্র লরেন্স জোলস জানান, লিবিয়ার মিসরাতা বন্দর থেকে ছেড়ে আসা ওই নৌকার যাত্রীদের অধিকাংশই ছিলেন ইরিত্রিয়া ও সোমালিয়ার নাগরিক। ৬৬ ফুট দৈর্ঘ্যের ওই নৌকায় চড়ে তারা ইউরোপে আসছিলেন অভিবাসনের আশায়।
দুর্ঘটনায় বেঁচে যাওয়া আরোহীদের বরাত দিয়ে লেমপেদুসার মেয়র গিউসি নিকোলিনি জানান,বৃহস্পতিবার প্রথম প্রহরে উপকূল থেকে মাত্র এক কিলোমিটার দূরে থাকতে নৌকার ইঞ্জিন বিকল হয়ে যায়। ওই পরিস্থিতিতে কোস্ট গার্ডের দৃষ্টি আকর্ষণ করার জন্য কেউ একজন নৌকার ওপর আগুন ধরায়, যা পরে ছড়িয়ে পড়ে। এতে আতঙ্কিত যাত্রীরা সবাই একদিকে সরে গেলে উল্টে যায় নৌকা।
ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী অ্যানজেলিনো আলফানো জানিয়েছেন, নৌকার ৩৫ বছর বয়সী সোমালীয় সারেংকে গ্রেপ্তার করেছে পুলিশ।গত এপ্রিলেই তাকে ইতালি থেকে দেশে ফেরত পাঠানো হয়েছিল।
বিবিসির খবরে বলা হয়, তিউনিসিয়া ও সিসিলি দ্বীপের মাঝখানে ভূমধ্যসাগরে লেমপেদুসাই ইউরোপে প্রবেশের পথে প্রথম দ্বীপ। প্রতিবছর হাজার হাজার অবৈধ অভিবাসী ও আশ্রয়প্রার্থী এই পথ দিয়ে ইউরোপে ঢোকে।
গত সপ্তাহেই ইতালির সিসিলি উপকূলে যাওয়ার চেষ্টার সময় ১৩ অভিবাসী ডুবে মারা যান।
