২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চোর-পুলিশ খেলতে গিয়ে স্কুলছাড়া!

দুষ্টুমির ছলে হাতের আঙুলকে বন্দুক বানিয়ে চোর-পুলিশ খেলতে গিয়ে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় স্কুলছাড়া হয়েছে আট বছরের এক শিশু।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2013, 10:10 PM

Updated : 23 Aug 2022, 07:01 PM

ফ্লোরিডার হারমনি কমিউনিটি স্কুল কর্তৃপক্ষের দাবি, শিশুটির অঙ্গভঙ্গি এক ধরনের সহিংসতার ইঙ্গিত বহন করছিল, যা স্কুলের আচরণবিধিতে নিষিদ্ধ।

তবে শিশুটির মা বনি বেনেট সাংবাদিকদেরকে বলেন, এ ধরনের পদক্ষেপ তার সন্তানের ভবিষ্যত জীবনে নেতিবাচক প্রভাব ফেলবে। কারণ, কর্তৃপক্ষের সিদ্ধান্তটি তার একাডেমিক রেকর্ড হয়ে থাকার কারণে ভবিষ্যতে সে সহিংস মনোভাবাপন্ন শিশু হিসাবেই গণ্য হবে।

“ছেলেটির হাতে কোনো খেলনা বন্দুকই ছিল না। সে আঙুল তাক করে নিছক দুষ্টুমিই করছিল। আর মুখে যে ধরনের শব্দ করছিল তাও আপত্তিকর ছিল না”, টেলিভিশন নেটওয়ার্ক ডব্লিউএফটিভি তে বলেন বেনেট।

যুক্তরাষ্ট্রে বেপরোয়া গুলি চালিয়ে মানুষ মারার ঘটনা ঘটছে অহরহ। শিশুদের স্কুলগুলোতেও এ ধরনের একাধিক সহিংস ঘটনা ঘটেছে।

এর পরিপ্রেক্ষিতে অনেক স্কুলই এখন শিশুদের সহিংস খেলা খেলতে নিরুৎসাহিত করছে। অভিভাবকদের আপত্তির মুখেও প্রাইমারি স্কুলগুলোতে নিষিদ্ধ হয়েছে চোর-পুলিশ খেলা।

কচি মনে কাল্পনিক অস্ত্রের ক্ষতিকর প্রভাব ঠেকাতে অনেক স্কুলই বন্দুকাকৃতির খেলনা অস্ত্র এমনকি বন্দুক তাক করার ভান করে খেলা নিষিদ্ধ করেছে।

যুক্তরাজ্যের ‘দ্য ইন্ডিপেনডেন্ট’ পত্রিকার খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রে খেলনা বন্দুকের কারণে এর আগেও ছাত্রদেরকে স্কুল থেকে সাময়িক বহিষ্কারের ঘটনা ঘটেছে।

এমনকি পেস্ট্রি দিয়ে বন্দুকাকৃতির খেলনা বানানোর কারণেও মেরিল্যান্ডের পার্ক এলিমেন্টারি স্কুলের এক শিশুকে দুই দিনের জন্য ক্লাসে প্রবেশ করতে দেয়া হয়নি।