২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইতালিতে বার্লুসকোনির ইউ-টার্নে জয়ী লেত্তা

ইতালির প্রধানমন্ত্রী এনরিকো লেত্তার জোট সরকার পার্লামেন্টে আস্থা ভোটে জয়ী হয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2013, 06:03 PM

Updated : 25 Apr 2022, 07:20 PM

বুধবারের এ ভোটে সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বার্লসকোনি শেষ মুর্হর্তে সরকারকে সমর্থন দিলে জয়ী হন লেত্তা।

সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনি প্রথমদিকে তার মধ্য-ডান ‘পিপল অব ফ্রিডম পার্টি’র (পিডিএল) ৫ মন্ত্রীকে জোট থেকে প্রত্যাহার করার ঘোষণা দিলে বেকায়দায় পড়ে লেত্তা সরকার আস্থা ভোটের মুখোমুখি হয়।

তবে পিডিএল এর কয়েকজন গুরুত্বপূর্ণ সদস্য লেত্তাকেই সমর্থন দেবে বলে জানানোর পর বার্লুসকোনিও শেষমেশ সরকারকে সমর্থন করলেন।

সরকারের আস্থা ভোটে হেরে গেলে দেশের জন্য তা মারাত্মক ঝুঁকি হয়ে দাঁড়াবে বলে ভোটের আগে সতর্ক করেছিলেন লেত্তা।

তবে ইতালির গণমাধ্যম পিডিএল এর ২৫ জন আইনপ্রণেতা সরকারের পক্ষে থাকার কথা জানিয়েছিল।

ফলে প্রধানমন্ত্রী লেত্তা শেষ পর্যন্ত আস্থা ভোটে তার জোট সরকার প্রয়োজনীয় সমর্থন আদায়ে সক্ষম হবে বলেই আশাবাদী ছিলেন।

ইতালিতে কয়েক সপ্তাহ আগে ঐতিহ্যগতভাবে পরস্পর বিরোধী ডান ও বামপন্থিদের জোড়াতালির জোট সরকারের মধ্যে উত্তেজনা শুরু হয়।

কর ফাঁকির মামলায় ডানপন্থিদের নেতা বার্লুসকোনি অভিযুক্ত হলে পার্লামেন্ট থেকে তার বহিষ্কারের সিদ্ধান্ত নিয়ে উত্তেজনা শুরু হয়।

তাছাড়া, বাজেট ঘাটতি নিয়ে মন্ত্রিসভার বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের বেঁধে দেয়া সীমার বিষয়ে সমঝোতায় পৌঁছতে ব্যর্থ হয় জোট সরকারের মন্ত্রিসভা।

কর বৃদ্ধির তীব্র বিরোধিতা করে বার্লুসকোনির দল। তাদের বিরোধিতা সত্বেও কর বৃদ্ধির সিদ্ধান্ত নেয় সরকার।

এই সিদ্ধান্ত জোট সরকার গঠন হওয়া ডান-বাম সমাঝোতার গুরুতর লঙ্ঘন, এই অভিযোগ তুলে সরকার থেকে পদত্যাগ করে ডানপন্থি সদস্যরা।

ডানপন্থিদের এ অভিযোগ “ডাহা মিথ্যা” বলে প্রত্যাখান করেন প্রধানমন্ত্রী লেত্তা ।