পাইলট ছিলেন ঘুমে!
যুক্তরাজ্যের একটি বিমানের দুইজন পাইলটই ককপিটে ঘুমিয়ে পড়েছিলেন। আর যাত্রী ভর্তি ওই বিমানটি চলেছে অটোপাইলট ব্যবস্থায়।
দ্য সান কয়েকদিন আগে এমন একটি খবর প্রকাশ করে।
পত্রিকাটি জানিয়েছে, এয়ারবাস ৩৩০ এর একজন পাইলট হঠাৎ করে জেগে ওঠেন এবং তার সহপাইলটকে জাগিয়ে তোলেন। তারা বলতে পারছেন না কতক্ষণ ধরে তারা ঘুমিয়ে ছিলেন।
তবে পত্রিকাটি বিমান কোম্পানির নাম প্রকাশ করেনি।
১৩ অগাস্ট বিমানটি ছাড়ার আগে পাইলট ও সহপাইলট ২০ মিনিট বিশ্রামের সুযোগ পেয়েছিলেন। কিন্তু বিমানটি ওড়ানোর ঘণ্টাখানেকের মাথায় তারা দুজনই গভীর ঘুমে তলিয়ে যান।
পরে তারা নিজেরাই যুক্তরাজ্যের সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষের (সিএএ) কাছে ঘটনাটি জানান। গ্রীষ্মের ছুটির মৌসুমে দীর্ঘসময় ধরে কাজ করাকেই এ জন্য দায়ী করেন তারা।
সিএএ’র মুখপাত্র জানান, “ক্লান্তি একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং এটা নিয়ে সতর্ক থাকা প্রয়োজন। এই কারণেই আমরা ইইউর প্রস্তাবকে স্বাগত জানিয়েছি।
ওই প্রস্তাবে বিমান কোম্পানিগুলোর ক্লান্তির কারণে ঝুঁকির ব্যাপারে কি ব্যবস্থা বা তথ্য আছে সেটা নিয়ন্ত্রণকারীদের আরো অধিক ক্ষমতা দেয়ার কথা বলা হয়েছে।“
“যুক্তরাজ্যের নিরাপত্তা পরিসংখ্যান খুবই ভালো। তারপরও আমরা বিমানে নিরাপত্তা ব্যবস্থা আরো উন্নত করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।“
তবে সম্প্রতি এক জরিপে দেখা গেছে যুক্তরাজ্যের অর্ধেকের বেশি পাইলট ককপিটে ঘুমিয়ে পড়েন বলে স্বীকার করেছেন।
