জীবন নিয়ে শঙ্কায় ছিলেন ডায়ানা
যুক্তরাজ্যের রাজপরিবারের সাবেক রাজবধূ প্রিন্সেস ডায়ানা তার জীবন নিয়ে শঙ্কায় ছিলেন। একারণেই বড় ছেলে প্রিন্স উইলিয়াম আর তার ভবিষ্যত স্ত্রী-সন্তানদের আশীর্বাদ দিয়ে একটি গোপন টেপ রেকর্ড করেছিলেন তিনি।
তার অবর্তমানে সন্তানদের কে নির্দেশনা দেবে সে চিন্তা থেকে ডায়ানা মা সুলভ কিছু উপদেশও দেন টেপটিতে।
টেপটির অস্তিত্বের কথা প্রথম প্রকাশ করে যুক্তরাষ্ট্রের ‘দ্য গ্লোব’ সাময়িকী। ডায়ানার খুব ঘনিষ্ঠ এক বন্ধুর কাছ থেকেই এ টেপের খবর পাওয়া গেছে বলে জানায় তারা।
টেপে ভবিষ্যৎ নাতি-নাতনির জন্য ডায়ানা বলেন, “তোমার সন্তানদের আমার ভালোবাসা জানিয়ো। তাদের বোলো, সবসময়ই তাদের সঙ্গে থাকবে আমার বুকভরা ভালোবাসা আর শুভকামনা।”
১৯৯৭ সালের ৩১ অগাস্টে দোদি আল ফায়েদকে নিয়ে রিৎজ হোটেল থেকে বেরোনোর পরই ডায়ানার পিছু ধাওয়া করে পাপারাজ্জিরা।
প্যারিসের একটি সুড়ঙ্গে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয় ডায়ানা, দোদি ও গাড়ির চালকের। তবে এটি নিছকই দুর্ঘটনা না কি বড় ধরনের চক্রান্ত, তা নিয়ে জল্পনা এখনো শেষ হয়নি।
মার্কিন সাময়িকীটি জানায়, এ ধরনের ভয়াবহ পরিণতিরই আশঙ্কা করেছিলেন ডায়ানা। অন্তত সেরকমই দাবি তার ঘনিষ্ঠ বন্ধুর।
তাই দেখে যেতে না পারা ছবিগুলো মনের মতো করে সাজিয়ে টেপ করেছিলেন তিনি। তার ছেলে যে নিজের জন্য উপযুক্ত স্ত্রী খুঁজে নেবে সে ব্যাপারেও নিঃসন্দেহ ছিলেন ডায়ানা।
আর তাই ভবিষ্যৎ পুত্রবধূ সুন্দর, স্বাধীনচেতা এবং বিশেষ কেউ হবে সেরকমটাই কল্পনা করেছিলেন তিনি।
টেপের বার্তায় তার উদ্দেশ্যে ডায়ানা বলেছেন, ‘আমি অবশ্যই তোমাকে স্নেহ করতাম। খুব দ্রুতই বন্ধু হয়ে উঠতাম আমরা। তুমি নিশ্চয়ই বিশেষ কেউ একজন, তা না হলে তুমি উইলিয়ামের স্ত্রী হতে না।’
“সবচেয়ে আগে তুমি ওর বন্ধু হবে ”, টেপে হবু পুত্রবধূকে এ উপদেশও দিয়েছেন ডায়ানা।
ফাঁস হওয়া টেপটি ডায়ানার মৃত্যুরহস্য উদঘাটনে নতুন মাত্রা যোগ করবে বলেই মনে করা হচ্ছে।
