পাকিস্তানে সন্ত্রাসের কারখানা বন্ধ হতে হবে: মনমোহন
ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং হুঁশিয়ার করে বলেছেন, পাকিস্তানের মাটিতে সন্ত্রাসের কারখানা বন্ধ হতে হবে।
নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে রোববার পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সঙ্গে বৈঠকে বসার আগে মনমোহন একথা বলেন।
তবে শরীফের মতো তিনিও দুই দেশের মধ্যে উন্নত সম্পর্ক আশা করেন বলে জোর দিয়ে জানান মনমোহন।
শরীফ এর আগে নয়াদিল্লির সঙ্গে নতুন অধ্যায় শুরুর আহ্বান জানিয়েছিলেন।
তবে দুই দেশ অস্ত্র প্রতিযোগিতা করে অর্থ অপচয় করছে এবং তা বন্ধ হওয়া প্রয়োজন বলেও জানান তিনি।
কাশ্মীর অঞ্চলে চলমান প্রাণঘাতী সংঘর্ষ নিয়ে সম্প্রতি দু’ দেশের সম্পর্কে উত্তেজনা বেড়েছে।
ভারত শাসিত কাশ্মীরের পুলিশ ফাঁড়িতে জঙ্গি হামলায় গত বৃহস্পতিবার অন্তত ১০ জন নিহত হয়েছে।
এছাড়াও, ২০০৮ সালে মুম্বাইয়ে জঙ্গি হামলার জন্য পাকিস্তান থেকে আসা জঙ্গিদের দোষারোপ করে আসছে ভারত।
শনিবার জাতিসংঘ সাধারণ পরিষদের ভাষণে মনমোহন বলেন, “অগ্রগতির জন্য যেটা প্রয়োজন তা হল, পাকিস্তান-শাসিত এলাকা যাতে ভারত-বিরোধী সন্ত্রাসে ব্যবহার না হয়, সেদিকে লক্ষ্য রাখা। আর পাকিস্তানের মাটিতে সন্ত্রাসের কারখানা বন্ধ হওয়াটাও সমান গুরুত্বপূর্ণ”।
