নাইজেরিয়ার কলেজে জঙ্গি হামলায় নিহত ৪০
নাইজেরিয়ার গোলযোগপূর্ণ উত্তরপূর্বাঞ্চলে একটি কৃষি কলেজে বন্দুকধারীদের হামলায় নিহতের সংখ্যা ৪০ জনে দাঁড়িয়েছে।
ইয়োবে প্রদেশের গুজবা পল্লী এলাকার এ কলেজে শিক্ষার্থীরা রোববার সকালে ডরমিটরিতে ঘুমিয়ে থাকাকালে জঙ্গিরা তাদের গুলি করে হত্যা করে। পুলিশ কমিশনার সানুসি রুফাই একথা জানান।
ইয়োবের প্রাদেশিক রাজধানী দামাতুরুর প্রধান হাসপাতালে ৪০ টি মৃতদেহ গুনেছেন রয়টার্সের এক সাংবাদিক।
নিহতদের সবাই তরুণ এবং ওই কলেজেরই ছাত্র বলে মনে করা হচ্ছে।মৃতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা আছে। জঙ্গিরা ক্লাসরুমে আগুনও দিয়েছে বলে জানিয়েছেন সামরিক বাহিনীর এক মুখপাত্র।
ইসলামপন্থি বোকো হারাম জঙ্গিদের বিরুদ্ধে চলমান সেনা অভিযানের মধ্যেই এ হামলা হল।
বোকো হারাম নাইজেরিয়ায় উত্তরাঞ্চলে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। ওই অঞ্চলটিতে বোকো হারাম স্কুল এবং বিশ্ববিদ্যালয়গুলোকে হামলার লক্ষ্যবস্তু করেছে।
তাদের ক্রমাগত আক্রমণ আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি ও শীর্ষ তেল রপ্তানীকারক দেশটির নিরাপত্তায় সবচেয়ে বড় হুমকি হয়ে দাড়িয়েছে।
গত বুধবার রাতে ক্যামেরুন সীমান্তের কাছে বর্ন অঞ্চলের প্রত্যন্ত শহর গ্যামবোরুতে এক হামলায় ছয় জন নিহত হন বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রধান আলহাজি মদু গানা শেরিফ।
বৃহস্পতিবার রাতে হামলাকারীরা আবার ফিরে এসে আরো ২১ জন নিরীহ মানুষকে হত্যা করে বলে জানান তিনি।
বোকো হারামের আক্রমণ ব্যাহত করার প্রচেষ্টা হিসেবে নাইজেরীয় কর্তৃপক্ষ বর্নর সব টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। এ কারণে কোথাও হামলা হলে আঞ্চলিক রাজধানী মাইদুগুরিতে খবর পৌঁছাতে কয়েকদিন লেগে যায়।
চার বছর আগে শুরু হওয়া বোকো হারামের বিদ্রোহ দমন করতে মে মাসে নাইজেরীয় প্রেসিডেন্ট গুডলাক জনাথন জঙ্গী দমনে সেনা অভিযানের নির্দেশ দেন। তখন থেকে সেনাদের বিরুদ্ধে ইসলামপন্থী জঙ্গীরাও যুদ্ধ চালিয়ে যেতে থাকে।
গত দুই মাস ধরে রক্তক্ষয়ী হামলা তীব্র আকার ধারণ করেছে। মে মাসে সেনা অভিযান শুরু হওয়ার পর জঙ্গীরা তাদের শহরের, জঙ্গলের এবং পাহাড়ের ঘাটিগুলো ছেড়ে পুরো উত্তরপূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে।
