পাকিস্তানে বোমা হামলায় নিহত ১৩
পাকিস্তানের পেশোয়ারে একটি বাসে বোমা বিস্ফোরণে অন্তত ১৭ জন নিহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, শহর থেকে ১৫ কিলোমিটার উত্তর-পূর্বে গুলবেলা এলাকা থেকে বাসটিতে করে সরকারি কর্মচারীরা বাড়ি ফিরছিলেন।
বাসটিতে ৭০ জনের বেশি যাত্রী ছিলেন বলে বিবিসি জানিয়েছে।
বিশেষ করে সরকারি কর্মচারীদের হত্যার উদ্দেশ্যেই এই বোমা হামলা চালানো হয়েছে বলে পুলিশের ধারণা।
স্থানীয় এক কর্মকর্তা বিবিসিকে জানান, শুক্রবারের ওই হামলায় অন্তত ৩৪ জন আহত হয়েছেন। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায়িত্ব স্বীকার করেনি।
খাইবার পাখতুনখোয়া প্রদেশের প্রধান শহর পেশোয়ারে সম্প্রতি বোমা ও বন্দুকধারীদের হামলা অনেক বেড়ে গেছে। এসব হামলার জন্য তালেবান গোষ্ঠীকেই দায়ী করা হয়।
প্রাথমিক প্রতিবেদনের বলা হয়, বাসের পেছনে বোমাটি রাখা ছিলো। পেশোয়ারের বোমা বিশেষজ্ঞরা জানিয়েছেন, হামলায় ১০ থেকে ১৫ কেজি বিস্ফোরক ব্যবহার করা হয়েছে।
এর আগে রোববার পেশোয়ারের একটি চার্চের বাইরে আত্মঘাতী জোড়া বোমা হামলায় অন্ততপক্ষে ৮১ জন নিহত হন। এটা ছিল দেশটির খ্রিস্টান সম্প্রদায়ের ওপর সবচেয়ে ভয়ঙ্কর বোমা হামলাগুলোর একটি।
এছাড়া ২০১২ সালের জুনে এই এলাকায় একই কায়দায় সরকারি কর্মচারীদের বহনকারী বাসে চালানো বোমা হামলায় অন্তত ২০ জন নিহত এবং ৪০ জন আহত হয়েছিলেন।
