চীনে অপহৃত ৯২ শিশু উদ্ধার
বিক্রির উদ্দেশ্যে অপরাধীচক্রের অপহরণ করা ৯২টি শিশু ও দুজন নারীকে উদ্ধার করেছে চীনা পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ওই চক্রের ৩০১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া ও কেন্দ্রীয় টেলিভিশন জানিয়েছে।
ছয় মাস তদন্তের পর ১১টি প্রদেশের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে পুলিশ ওই অপহৃত শিশু ও নারীদের উদ্ধার করে। তবে কবে এসব শিশু ও নারীকে উদ্ধার এবং এর সঙ্গে সংশ্লিষ্টদের গ্রেপ্তার করা হয়েছে সে সম্পর্কে নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি।
উদ্ধারকৃত শিশুদের মধ্যে কতজন বালক ও কতজন বালিকা ছিল তাও জানানো হয়নি। তবে গ্রামাঞ্চলে সাধারণত ছেলেশিশুদের চাহিদা বেশি।
রাষ্ট্রীয় কঠোর একসন্তাননীতির কারণে সম্প্রতি চীনে শিশু ও নারী পাচারের ঘটনা বৃদ্ধি পেয়েছে। অনেক সন্তানহীন দম্পতি অবৈধভাবে সংগ্রহ করা ছেলে সন্তানের ওপরই ভরসা করতে চান।
একসন্তাননীতির কারণে চীনে নারী-পুরুষের সংখ্যায় অসাম্য তৈরি হয়েছে। এতে প্রত্যন্ত এলাকার অনেক পুরুষ বিয়ে করার জন্য কনে খুঁজে পান না। এসব পুরুষ অপহরণ করা নারীদের কিনে বিয়ে করে থাকেন।
অপহৃত শিশুদের যারা কিনেন সরকার তাদের কঠোর শাস্তি দেন বলে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে জানানো হয়েছে। এছাড়া যে সব বাবা-মা তাদের সন্তানদের বিক্রি করে দেন তাদেরও শাস্তি দেয়া হয় বলে জানিয়েছে সিনহুয়া।
