অস্ট্রেলিয়াগামী নৌকাডুবিতে ২১ জনের মৃত্যু
আশ্রয়প্রার্থীদের নিয়ে সাগর পথে অস্ট্রেলিয়াগামী একটি ইঞ্জিন চালিত নৌকা ডুবে অন্ততপক্ষে ২১ জনের মৃত্যু হয়েছেন বলে জানিয়েছে ইন্দোনেশিয়ার পুলিশ।
শুক্রবার ইন্দোনেশিয়ার জাভার দক্ষিণ উপকূলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থল জাকার্তা থেকে প্রায় ১৯০ কিলোমিটার দক্ষিণে।
কিয়ানজুর পুলিশ প্রধান দেদি কুসুমা বক্তি শনিবার টেলিফোনে বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, “নৌকার যাত্রীরা সবাই মধ্যপ্রাচ্যের বিশেষ করে লেবানন ও ইয়েমেনের অধিবাসী। অস্ট্রেলিয়াগামী নৌকাটির গন্তব্য ছিলো ক্রিস্টমাস আইল্যান্ড।“
এখন পর্যন্ত ২৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
অবশ্য ইন্দোনেশিয়ার কয়েকটি সংবাদ মাধ্যম জানিয়েছে দুর্ঘটনায় অন্ততপক্ষে ৭৯ জনের মৃত্যু হয়েছে। তবে সরকারিভাবে এ তথ্য নিশ্চিত করা যায়নি।
অস্ট্রেলিয়ার ক্রিস্টমাস আইল্যান্ড ভারত মহাসাগরে অবস্থিত। দ্বীপটি ইন্দোনেশিয়া থেকে খুব বেশি দূরে নয়। ইন্দোনেশিয়া থেকে আশ্রয়প্রার্থীদের নিয়ে অস্ট্রেলিয়াগামী নৌকাগুলো নিয়মিতভাবে এই দ্বীপে আসে। চোরাচালানীদেরও পছন্দের পথ এটি।
এক বছরের মধ্যে আশ্রয়প্রার্থীদের নিয়ে অন্তত চারশ’ নৌকা অস্ট্রেলিয়ায় ভিড়েছে। আর ২০০৭ সালের পর থেকে অন্ততপক্ষে ৪৫ হাজার আশ্রয়প্রার্থী অস্ট্রেলিয়ায় প্রবেশ করেছে।
দেশটির বিদায়ী লেবার সরকার সাগর পথে অনুপ্রবেশকারী আশ্রয়প্রার্থীদের ব্যাপারে অনেকটা নমনীয় ছিল। কিন্তু নবনির্বাচিত প্রধানমন্ত্রী রক্ষণশীল লিবারেল দলের নেতা টনি অ্যাবোটের নির্বাচনী প্রতিশ্রুতিগুলোর অন্যতম ছিলো কঠোরহস্তে এই সব আশ্রয়প্রার্থীদের অনুপ্রবেশ আটকানো হবে।
মানবাধিকার সংস্থাগুলো রক্ষণশীল দলের এই মনোভাবের সমালোচনা করেছে। এই মনোভাবের কারণে বিশ্বের সবচেয়ে অসহায় মানুষদের সাহায্য করার নৈতিক দায়িত্ব থেকে অস্ট্রেলিয়া সরে যাচ্ছে বলে অভিযোগ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
