বউয়ের ভয়ে ধূমপান ছেড়েছি: ওবামা
দীর্ঘদিনের ধূমপান আসক্তি স্রেফ বউয়ের ভয়ে ছেড়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।
নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে জাতিসংঘ মানবাধিকার কর্মকর্তা মাইনা কিয়াইয়ের সঙ্গে ব্যক্তিগত আলাপচারিতার সময় রসিকতা করে একথা বলেন ওবামা।
ছয় বছর ধরে সিগারেট পান করছেন না জানিয়ে ওবামা মৃদু হেসে বলেন, “আমার স্ত্রীর ভয়ে এটা করেছি”।
স্ত্রী মিশেল ওবামাকে নিয়ে তার এ রসিকতা ধরা পড়ে ক্যামেরা এবং কাছে থাকা মাইক্রোফোনেও। পরে ওবামার এ স্বীকোরোক্তি প্রকাশ করে সিএনএন।
নিকোটিন গাম চিবিয়ে নিকোটিন আসক্তি দূর করার চেষ্টা চালান ওবামা। আর এতেই ছয় বছরে তাকে একবারও ধূমপান করতে হয়নি বলে জানান তিনি।
ওবামা এর আগেও ধূমপান ছাড়ার আপ্রাণ চেষ্টা করার কথা জনসম্মুখে বলেছিলেন।
২০১১ সালে ফার্স্ট লেডি মিশেল ওবামা জানান, তার স্বামী শেষ পর্যন্ত এ বদঅভ্যাস জয় করতে পেরেছেন।
