জার্মানির নির্বাচন : তৃতীয় মেয়াদের দিকে তাকিয়ে মেরকেল
চার বছর আগে ইউরোপজুড়ে ঋণ সঙ্কট শুরু হওয়ার পর জার্মানিতে প্রথমবারের মতো সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ নির্বাচনে ক্ষমতাসীন চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের মধ্য-ডানপন্থী রক্ষণশীল জোট জয় পাবে বলে নির্বাচন পূর্ব জরিপে আভাস পাওয়া গেছে।
রোববার স্থানীয় সময় সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়েছে। সন্ধ্যা ৬টা থেকে ভোটের ফলাফল জানানো শুরু হবে।
জার্মানির ছয় কোটি ২০ লাখ নাগরিক ভোটার হিসেবে নিবন্ধিত আছেন। নির্বাচনের তাদের অধিকাংশই ভোটধিকার প্রয়োগ করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।
তবে এদের এক-তৃতীয়াংশ কাকে ভোট দিবেন তা ঠিক করেননি বলে জানিয়েছেন। এতে নির্বাচনী ফলাফল নিয়ে কি হতে পারে তা নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে।
সর্বশেষ নির্বাচনী জরিপে দেখা গেছে, মেরকেলের খ্রিস্টিয়ান ডেমক্রেটিক ইউনিয়ন (সিডিইউ) এবং ব্রাভারিয়ান খ্রিস্টিয়ান সোশ্যাল ইউনিয়নের (সিএসইউ) রক্ষণশীল জোটের পক্ষে সমর্থন জানিয়েছেন প্রায় ৩৯ শতাংশ ভোটার।
অপরদিকে দ্বিতীয় বৃহত্তম দল মধ্য-বামপন্থী সোশ্যাল ডেমোক্র্যাটস (এসপিডি) এর পক্ষে সমর্থন জানিয়েছেন প্রায় ২৬ শতাংশ ভোটার।
এতে ধারণা করা হচ্ছে, তৃতীয় মেয়াদেও চ্যান্সেলরের পদ ধরে রাখতে পারবেন ৫৯ বছর বয়সী মেরকেল।
সাবেক পূর্ব জার্মান প্রোটেস্ট্যান্ট যাজকের মেয়ে মেরকেল ২০০৫ সালে ক্ষমতায় আসার পর দেশের অর্থনীতিকে শক্তিশালী করেছেন, সেই সঙ্গে শ্রমবাজারকে গতিশীল করে তুলেছেন ।
তার নমনীয় ‘ধাপের পর ধাপ’ নীতি বিদেশে সমালোচিত হলেও দেশে ভেতরে অনেকেই তার এ নীতিকে সাধুবাদ জানিয়েছেন। এই নমনীয় নীতির কারণে সমর্থকদের মাঝে তিনি ‘মা’ বলে সম্বোধিত হয়েছেন।
