আফগানিস্তানে তিন নেটো সেনা নিহত
আফগান নিরাপত্তা বাহিনীর পোশাক পড়া এক ব্যাক্তির গুলিতে তিন নেটো সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে আফগানিস্তানের মোতায়েন নেটো বাহিনী।
শনিবার আফগানিস্তানের পূর্বাঞ্চলে এ ঘটনা ঘটে।
শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো গোষ্ঠি এ হত্যাকাণ্ডের দায় স্বীকার করেনি। তবে বিদেশী সেনাদের কাছাকাছি পৌঁছে তাদের ওপর হামলা চালানোর জন্য তালেবান এ ধরনের কৌশল ব্যবহার করে।
এতে আফগান নিরাপত্তা বাহিনীর ছদ্মবেশে তালেবান সদস্যরা বিদেশী সেনাদের সঙ্গে মিশে গিয়ে তাদের ওপর হামলা চালায়।
২০০৭ সাল থেকে এ ধরনের হামলায় ১শ’রও বেশি নেটো সেনা নিহত হয়েছে। এতে মিত্র আফগান সেনাদের বিষয়ে নেটো সেনাদের আস্থা প্রায় শূন্যে নেমে এসেছে।
২০১৪ সালের মধ্যে বিদেশী সেনাদের আফগানিস্তান ছাড়ার কথা রয়েছে। এরপর কি হবে তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন দেখা দিয়েছে।
আফগানিস্তানে বর্তমানে প্রায় ৮৭ হাজার বিদেশী সেনা মোতায়েন আছে, এরা ৩ লাখ ৫০ হাজার আফগান নিরাপত্তা বাহিনীর সঙ্গে যৌথভাবে নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালন করছে।
