২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কার প্রাদেশিক নির্বাচনে তামিল দলের ভূমিধস বিজয়

শ্রীলঙ্কার সংখ্যালঘু তামিলদের প্রধান রাজনৈতিক দল দ্য তামিল ন্যাশনাল এলিয়্যান্স (টিএনএ) উত্তরের সাবেক যুদ্ধ বিক্ষুব্ধ অঞ্চলের প্রাদেশিক নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 22 Sep 2013, 12:31 PM

Updated : 25 Apr 2022, 07:17 PM

তামিল বিদ্রোহ অবসানের চার বছর পর শনিবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

এতে গৃহযুদ্ধে পরাজিত তামিল টাইগার বিদ্রোহীদের রাজনৈতিক শাখা টিএনএ প্রাদেশিক পরিষদের ৩৮টি আসনের মধ্যে ৩০টিতে জয় পেয়েছে বলে রোববার জানিয়েছেন নির্বাচনী কর্মকর্তারা।

প্রেসিডেন্ট মাহিন্দ্রা রাজাপাকসের ক্ষমতাসীন জোট ৭টি আসনে এবং একটি মুসলিম দল বাকি একটি আসনে জয় লাভ করেছে।

শ্রীলঙ্কার উত্তরাঞ্চলে গত ২৫ বছরের মধ্যে এটিই প্রথম প্রাদেশিক পরিষদ নির্বাচন। গণতন্ত্র পুনরুদ্ধারে আন্তর্জাতিক চাপের কারণে অনেকটা বাধ্য হয়ে শ্রীলঙ্কা সরকার এ নির্বাচনের ঘোষণা দেয়।

টিএনএ জফনায় ৮৪ শতাংশ, কিলিনোচ্চিতে ৮১ শতাংশ ও মুল্লাইতিভুতে ৭৮ শতাংশ ভোট পেয়ে জয়লাভ করেছে।

জাতীয় সংসদে রাজাপাকসের দলের দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। এছাড়া বাকি আটটি প্রদেশও তার দলের নিয়ন্ত্রণে। কিন্তু ২০০৫ সালে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হওয়ার পর থেকে রাজাপাকসের ক্ষমতাসীন জোটের জন্য এটিই সবচেয়ে বড় নির্বাচনী বিপর্যয়।

২০০৯ সালে সরকারি বাহিনীর কাছে বিদ্রোহী তামিল টাইগার বাহিনী হেরে যায়। যার মধ্য দিয়ে দেশটিতে দীর্ঘ ২৬ বছরের গৃহযুদ্ধের অবসান ঘটে।

কিন্তু টিএনএ’র জয় প্রমাণ করেছে বিদ্রোহীরা পরাজিত হলেও তামিলদের স্বায়ত্ত্বশাসনের আকাঙ্খা শেষ হয়নি। দেশটির ২ কোটি মানুষের প্রায় ১৪ শতাংশ উত্তরাঞ্চলের সংখ্যাগরিষ্ঠ তামিলরা ।
এদেরই একজন জাফনার কম্পিউটার বিজ্ঞানের শিক্ষক টি সিভারুবান (৩৩) বলেন, “তামিলদের একটি রাজনৈতিক সমাধান দরকার, নির্বাচনের এই ফলাফল আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এ বার্তাটি জোরালোভাবে উপস্থাপন করেছে।”

“এটি আলাদা একটি রাষ্ট্রও হতে পারে বা ক্ষমতা ভাগাভাগির মাধ্যমে যুক্ত শ্রীলঙ্কাও হতে পারে,” বলেন তিনি।

টিএনএ’র জনপ্রতিনিধি এম এ সুমানথিরান বলেন, “রাজনৈতিকভাবে আমরা একটি দারুণ নজির সৃষ্টি করতে পেরেছি। সহিংসতা ও ভীতি প্রদর্শনের কাছে মাথা নত না করে তামিলরা জেগে উঠেছে। এবার সরকারকে এই ফলাফলের কাছে মাথা নত করতে হবে।”

নির্বাচন কমিশন ভোট কেন্দ্রে খুব সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করেছে বলে জানিয়েছেন এক বিদেশী পর্যবেক্ষক।

তবে ভোট কেন্দ্রের বাইরে তাদের তেমন নিয়ন্ত্রণ ছিলো না। বেশ কয়েকজন ভোটার আক্রমণ ও হেনেস্তার শিকার হওয়ার অভিযোগ করেছেন।