সাড়ে চার হাজার কর্মী ছাটাই করবে ব্ল্যাকবেরি
বিশাল ক্ষতির হাত থেকে রক্ষা পেতে সাড়ে চার হাজার কর্মী ছাটাইয়ের পরিকল্পনার কথা ঘোষণা করেছে ব্ল্যাকবেরি। যা বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা তাদের মোট কর্মীর ৪০ শতাংশ।
স্মার্টফোন প্রস্তুতকারক কোম্পানিটি জানিয়েছে, আগামী সপ্তাহে তাদের দ্বি-বার্ষিক আয়ের যে হিসাব প্রকাশ করা হবে সেখানে সম্ভাব্য ক্ষতির পরিমান ৯৯৫ মিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যাবে।
অগাস্টে কানাডার কোম্পানিটি তাদের একটি সম্ভাব্য বিক্রির মাত্রা নির্ণয় করেছিল।
শুক্রবার এক বিবৃতিতে ব্ল্যাকবেরির প্রধান নির্বাহী কর্মকর্তা থোরস্টেইন হেইন্স বলেন, “অভিজ্ঞ এবং আরো প্রতিযোগিতামূলক বাজারে নিজেদের অবস্থান ধরে রাখতে আজ আমরা কঠিন কিন্তু প্রযোজনীয় পরিবর্তনের ঘোষণা দিচ্ছি, যেন আমরা কোম্পানিকে লাভের দিকে এগিয়ে নিতে পারি।“
কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়, মূলত তাদের নতুন মডেলের স্মার্টফোন জে১০ এর বিক্রি একদমই কম হওয়ায় তাদের এই ক্ষতির মুখে পড়তে হয়েছে। দীর্ঘদিন পর অনেক ঢাকঢোল পিটিয়ে জানুয়ারিতে ফোনটি বাজারে এসেছিল। কিন্তু ফোনটি গ্রাহক আকর্ষণে ব্যর্থ হয়।
জুনে হেইন্স জানিয়েছিলেন, তাদের জি১০ মডেলের ৬৮ লাখ স্মার্ট ফোনের মধ্যে মাত্র ২৭ লাখ ফোন তারা বাজারজাত করতে পেরেছেন। এছাড়া অনেক ব্ল্যাকবেরি গ্রাহক আগের মডেলটি ব্যবহার করছিলেন।
সাহায্যের জন্য বিকল্পপন্থা খুঁজে বের করতে কোম্পানিটি গ্রীষ্মে বেশ কয়েকজন উপদেষ্টা নিয়োগ করে। অগাস্টে পরিচালনা পর্ষদের সদস্য টিমোথি ড্যাটেলস বিভিন্ন বিকল্প ব্যবসা, সেই সঙ্গে বিক্রি বাড়ানোর উপায় বের করতে একটি কমিটিও গঠন করেন।
ড্যাটেলস বলেন, “আমার মনে হয় কৌশলগত বিকল্প খুঁজে বের করার এটাই সঠিক সময়।“
তবে বিজিসি টেকনোলজির বিশেষজ্ঞ কলিন গিলিস বিবিসিকে বলেন, “ব্ল্যাকবেরি কোম্পানিটি খাদের কিনারায় দাঁড়িয়ে। এটা আর খুব বেশি দিন টিকবে না”
“কর্মী ছাটাই ও বর্তমান ক্ষতি তাদের সম্ভাব্য ক্রেতাদের যাবতীয় আগ্রহ নষ্ট করে দেবে। এর অর্থ কোম্পানিটি আর কোনো আগ্রহী ক্রেতা পাবে না।“
এই সপ্তাহে ব্ল্যাকবেরি তাদের নতুন ফোন জি৩০ বাজারে ছেড়েছে। বাজার পর্যবেক্ষকরা ফোনটির প্রশংসা করেছেন। কিন্তু তারপরও ফোনটিকে অ্যাপলের বাজারজাত করা নতুন স্মার্টফোনের ছায়ায় ঢাকা পড়ে থাকতে হচ্ছে।
কিছুটা কৌতুকের সুরে গিলিস বলেন, “এটা খারাপ ফোন নয়। আমি নিশ্চিত তারা অন্তত একটি বিক্রি করতে পারবে।“
