২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় শীর্ষ তালেবান নেতার মুক্তি

আফগানিস্তানের শান্তি প্রচেষ্টাকে এগিয়ে নিতে আফগান তালেবানের সাবেক দ্বিতীয় শীর্ষ নেতা মোল্লা আব্দুল ঘানি বারাদারকে মুক্তি দিল পাকিস্তান।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2013, 02:13 PM

Updated : 25 Apr 2022, 07:17 PM

তালেবান সংগঠনের সহপ্রতিষ্ঠাতা আবদুল ঘানি বারাদারকে শনিবার মুক্তি দেয়া হয়েছে বলে বিবিসি জানিয়েছে।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ওমর হামিদ জানিয়েছেন, “বারাদারকে মুক্তি দেয়া হয়েছে।”

২০০১ সালে মার্কিন অভিযানে আফগানিস্তানে তালেবান সরকারের পতন হলে বারাদার সংগঠনটির বিভিন্ন হামলা পরিচালনার ক্ষেত্রে অপরিহার্য অংশ হয়ে ওঠেন।

২০১০ সালে আইএসআই ও সিআইএ’র এক যৌথ অভিযানে পাকিস্তানের বন্দরনগরী করাচি থেকে বারাদারকে গ্রেপ্তার করা হয়েছিল।

এরআগে পাকিস্তান বারাদারকে মুক্তি দেয়া হবে বলে জানিয়েছিল। সেই সঙ্গে তাকে আফগান কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে না বলেও ঘোষণা দিয়েছিল।

সাড়ে তিন বছর কারাগারে কাটানো বারাদারকে মুক্তি দেয়ার জন্য পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছিল আফগান সরকার।

তবে মুক্তি পেয়ে বারাদার কোথায় যাচ্ছেন এ বিষয়টি এখনো নিশ্চিত নয়। অবশ্য বিবিসির পাকিস্তান প্রতিনিধি জানিয়েছেন, বারাদার তৃতীয় কোনো দেশে যেতে পারেন। আর এ ক্ষেত্রে তার সম্ভাব্য গন্তব্য হতে পারে সংযুক্ত আরব আমিরাত।

১৯৯৪ সালে তালেবান আন্দোলন প্রতিষ্ঠাকারী চার নেতার অন্যতম বারাদার। তালেবান প্রধান মোল্লা মোহম্মদ ওমরের ঘনিষ্ঠ সহযোগী এবং সবচেয়ে বিশ্বস্ত কমান্ডার হিসেবে বিবেচনা করা হয় তাকে।

বারাদারের মুক্তির জন্য পাকিস্তানকে চাপ দিচ্ছিল আফগানিস্তান। আফগান সরকারের ধারণা, আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সেনা প্রত্যাহারের পর তালেবান জঙ্গিদের সঙ্গে আলোচনায় বারাদারের মুক্তি লাভজনক প্রমাণিত হবে।

অগাস্টে পাকিস্তান সফরের সময় আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই বারাদারকে মুক্তি দেয়ার দাবি পুনরায় ব্যক্ত করেছিলেন।