রাসায়নিক অস্ত্রের তথ্য দিল সিরিয়া
যুক্তরাষ্ট্র ও রাশিয়ার চুক্তি অনুযায়ী রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংগঠনের কাছে রাসায়নিক অস্ত্রের তথ্য দেয়া শুরু করেছে সিরিয়া।
শুক্রবার জাতিসংঘ সমর্থিত ‘অর্গানাইজেশন ফর দ্য প্রোহিবিশন অফ কেমিক্যাল উইপনস’ এর (ওপিসিডব্লিউ) এক মুখপাত্র রয়টার্সকে বলেন, “আমরা আংশিক তথ্য পেয়েছি এবং বাকি তথ্য পাওয়ার অপেক্ষায় আছি।”
হেগভিত্তিক এই সংস্থাই সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের নিয়ন্ত্রণে থাকা রাসায়নিক অস্ত্র ধ্বংস বা হস্তান্তর কার্যক্রম তদারক করবে।
সিরিয়ার দেয়া তথ্য পর্যালোচনার জন্য সংস্থাটির ৪১ সদস্যের নির্বাহী পর্ষদের আগামী সপ্তাহের শুরুর দিকে বৈঠকে বসার কথা রয়েছে।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্র-রাশিয়ার মধ্যস্থতায় সিরিয়ার রাসায়নিক অস্ত্র হস্তান্তর বা ধ্বংসের বিষয়ে একটি চুক্তি হয়, যার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের হাত থেকে আপাত রক্ষা পায় আসাদ সরকার।
সিরিয়ায় প্রায় ১ হাজার টন রাসায়নিক টক্সিন আছে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের সামরিক হামলা এড়াতে দামেস্ক রুশ-মার্কিন যৌথ প্রস্তাবের আওতায় সেগুলো ধ্বংস করতে রাজি হয়েছে।
ওপিসিডব্লিউ এর মুখপাত্র জানান, ওইসব অস্ত্র সম্পর্কে কিছু তথ্য তারা পেয়েছেন এবং আগামীতে আরো তথ্য পাবেন বলেই আশা করছেন তারা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক জাতিসংঘ কূটনীতিকও সিরিয়ার রাসায়নিক অস্ত্রের তথ্য জমা দেয়ার খবর নিশ্চিত করেছেন।
তবে এ তথ্যগুলো কি সে সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। অস্ত্রচুক্তি অনুযায়ী ২০১৪ সালের মাঝামাঝি সময়ের মধ্যে সিরিয়ার সব রাসায়নিক অস্ত্র ধ্বংস করে ফেলার কথা রয়েছে।
এ পরিকল্পনা এগিয়ে নিতে খুব সম্ভবত আগামী সপ্তাহেই ভোট দেবেন সংগঠনের বিশিষ্ট সদস্যরা।
