মেক্সিকোয় বন্যার পানিতে কুমির
মেক্সিকোয় বন্যার পানিতে ডুবে যাওয়া আকাপালকোর রাস্তায় পাওয়া গেছে কুমরি। দেশটিতে প্রবল বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৮০ জনে দাঁড়িয়েছে।
আকাপালকো জুড়ে চলছে ব্যাপক লুটপাট।এর মধ্যে যোগ হয়েছে দাপিয়ে বেড়ানো কুমিরের উৎপাত। দু’য়ের সঙ্গে লড়াই করেই টিকে থাকতে হচ্ছে স্থানীয় অধিবাসীদের।
কয়েকটি ছবিতে অধিবাসীদেরকে কুমিরের সঙ্গে লড়তে দেখা গেছে। দেখা গেছে লুটপাটের দৃশ্যও।
রোববার ক্রান্তীয় ঝড় ম্যানুয়েল এবং তারপর হারিকেন ইনগ্রিডের তাণ্ডবে মেক্সিকো প্রচণ্ড দুর্যোগের মধ্য দিয়ে যাচ্ছে।
ইনগ্রিডের প্রভাবে পূর্ব উপকূলে বন্যা দেখা দিয়েছে। অপরদিকে, পশ্চিমে প্র্রশান্ত মহাসাগর উপকূলে ক্রান্তিয় ঝড় ম্যানুয়েলের প্রভাবে দুইদিন ধরে ভারী বৃষ্টিপাত ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
পশ্চিম উপকূলের জনপ্রিয় সামুদ্রিক অবকাশ কেন্দ্র আকাপালকোর আশপাশের এলাকায় মারাত্মক ক্ষয়ক্ষতি হয়েছে।
ম্যানুয়েলের আঘাতে পশ্চিম উপকূলের ওক্সাকা, গুইয়েররেরো এবং চিহুয়াহুয়া প্রদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রদেশগুলোর অনেকগুলো প্রধান সড়ক বিধ্বস্ত ও টেলিযোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
ভেরাক্রুজে প্রবল বৃষ্টিপাতে একটি বাড়ি ধসে ১৩ জন নিহত হয়। দেশের অপরপাশে ম্যানুয়েলের প্রভাবেও ওক্সাকা, গুইয়েররেরো ও চিহুয়াহুয়াও প্রবল বৃষ্টিপাতে বাড়ি ধসে অনেকে নিহত হয়েছে। আরো অনেক মানুষ্ এখনো নিখোঁজ।
