২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউরোপীয় মানবাধিকার পুরস্কার জয়ের দৌড়ে স্নোডেন

ইউরোপীয় মানবাধিকার পুরস্কার জয়ের দৌড়ে আছেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য ফাঁস করে পলাতক সাবেক সিআইএ কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 17 Sep 2013, 05:49 PM

Updated : 25 Apr 2022, 07:16 PM

মুক্তচিন্তার জন্য ‘শাখারভ’ পুরস্কার দিতে ইউরোপীয় পার্লামেন্টের সদস্যদের মনোনীত ৭ জনের মধ্যে স্থান পেয়েছেন স্নোডেন।

দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা এবং মিয়ানমারের বিরোধীদলীয় নেত্রী অং সান সু চি এ পুরস্কারে ভূষিত হয়েছিলেন।

এবার মানবাধিকারের পক্ষে অনবদ্য ভূমিকার জন্য ইউরোপীয় পার্লামেন্টের গ্রিন সদস্যরা স্নোডেনকে এ পুরস্কারের জন্য মনোনীত করেছেন।

ইন্টারনেট এবং টেলিফোনে যুক্তরাষ্ট্রের আড়িপাতার গোপন কর্মসূচি ফাঁস করে দিয়ে স্নোডেন মানবাধিকার এবং ইউরোপীয় নাগরিকদের জন্য অনেক বড় কাজ করেছেন বলেই মত দিয়েছেন তারা।

পলাতক স্নোডেনকে নিরাপদ আশ্রয় দিয়ে রেখেছে রাশিয়া। ওদিকে, গুপ্তচরবৃত্তির অভিযোগ যুক্তরাষ্ট্র তার বিচার করতে চাইছে।

এ পরিস্থিতিতে ইউরোপীয় পুরস্কারের জন্য তার মনোনয়নে ওয়াশিংটন আরো নাখোশ হবে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

কিন্তু ইউরোপের গ্রিন পার্টির নেতারা এক বিবৃতিতে বলেছেন, স্নোডেন নিজের স্বাধীনতা বিপন্ন করার ঝুঁকি নিয়েও যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় গোয়েন্দাদের নাগরিক স্বাধীনতা হরণের চিত্র তুলে ধরে নাগরিক অধিকার সমুন্নত রাখার পক্ষে কাজ করেছেন। আর এ কারণেই তিনি সম্মানিত হওয়ার যোগ্য।

শাখারভ পুরস্কারের জন্য মনোনীত অন্যান্যদের মধ্যে আছেন তালেবান হত্যা প্রচেষ্টা থেকে বেঁচে যাওয়া পাকিস্তানি কিশোরী এবং নারীশিক্ষা আন্দোলনের কর্মী মালালা ইউসুফজাই এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কড়া সমালোচনা করে মামলায় জড়িয়ে পড়া মিখাইল খোদোরকোভস্কি।

মনোনীতদের মধ্যে চূড়ান্ত তিনজনের নামের তালিকা নিয়ে ৩০ সেপ্টেম্বরে ভোট হবে ইউরোপীয় পার্লামেন্টে। এরপর ১০ অক্টোবরে পুরস্কারবিজয়ীকে বেছে নেবেন নেতারা।