তুর্কি যুদ্ধবিমানের গুলিতে সিরীয় কপ্টার ভূপতিত
তুরস্কের আকাশসীমা লঙ্ঘণের দায়ে একটি সিরীয় হেলিকপ্টারকে গুলি করে নামানো হয়েছে। এ ধরনের লঙ্ঘণের ঘটনা আবার ঘটলে যথাযথ ব্যবস্থায় নেয়ার হুমকি দিয়েছে তুর্কি সরকার।
সোমবার দুপুর আড়াইটার দিকে তুরস্কের হাতাই প্রদেশের তুর্কি-সিরিয়া সীমান্তের আকাশে এ ঘটনা ঘটে বলে এক বিবৃতিতে জানিয়েছে তুর্কি সেনাবাহিনী।
সিরিয়ার একটি এমআই-১৭ হেলিকপ্টার তুর্কি আকাশ সীমায় ঢুকে পড়লে দুটি তুর্কি এফ-১৬ যুদ্ধবিমান সেটিকে তেড়ে যায়। কয়েকবার সতর্ক করার পরও হেলিকপ্টারটি এগিয়ে আসতে থাকায় সেটিকে গুলি করা হয় বলে দাবি করেছে তুর্কি বাহিনী।
হেলিকপ্টারে গুলি করার ঘটনাকে তুরস্কের “ধৈর্য্যহীন” আচরণ বলে নিন্দা করেছে সিরিয়া। এই ঘটনার মাধ্যমে তুরস্ক সীমান্তে উত্তেজনা সৃষ্টি চেষ্টা করছে বলে অভিযোগ জানিয়েছে সিরিয়া।
তুর্কি উপপ্রধানমন্ত্রী বুলতেন আরিঙ্ক জানিয়েছেন, সীমান্ত শহর ইয়ায়্লাদাগি কাছে তুর্কি সীমান্তের ২ কিলোমিটার ভিতরে ঢুকে পড়ার পর হেলিকপ্টারটিকে গুলি করে একটি যুদ্ধবিমান।
তিনি বলেছেন, “আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে হেলিকপ্টারটিকে বার বার সতর্ক করা হয়েছে।”
একটি অপেশাদার ভিডিও ফুটেজে দেখা গেছে, গুলিবিদ্ধ হেলিকপ্টারটি অগ্নিগোলকের মতো সিরিয়ার ভূখণ্ডের ভেতর নেমে আসছে।
প্যারিস সফররত তুর্কি পররাষ্ট্রমন্ত্রী আহমেদ দাভুতোগলু বলেছেন, “সীমান্তে কোনো অনঅধিকার প্রবেশ সহ্য করবে না তুরস্ক। আমাদের সীমান্ত ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিরোধ করবো আমরা।”
সিরিয়া সীমান্ত অতিক্রমণরত “সন্ত্রাসীদের” পর্যবেক্ষণ করার সময় কিছু সময়ের জন্য হেলিকপ্টারটি তুর্কি সীমান্তের ভিতরে ঢুকে পড়েছিল বলে স্বীকার করেছে সিরীয় সেনাবাহিনী। তবে এটিকে একটি দুর্ঘটনা অভিহিত করে হেলিকপ্টারটি ফিরে আসার সময় গুলি করা হয়েছে বলে অভিযোগ জানিয়েছে তারা।
যুক্তরাজ্যভিত্তিক সিরীয় সরকারবিরোধী মানবাধিকার সংগঠন ‘সিরিয়ান অভজারভেটরি ফর হিউম্যান রাইটস’ জানিয়েছে, গুলিবিদ্ধ হেলিকপ্টারটি সিরিয়া সীমান্তের বিদ্রোহী অধ্যুষিত এলাকায় নেমে এলে এর দুই পাইলটের একজনকে বন্দি করে বিদ্রোহীরা।
অপর পাইলটের কি হয়েছে শেষ খবর পাওয়া পর্যন্ত তা জানা যায়নি।
