২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় হামলা পরিকল্পনা স্থগিত করলেন ওবামা

সিরিয়ার বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেয়ার পরিকল্পনা স্থগিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। এর পরিবর্তে কূটনৈতিক পন্থায় সিরিয়ার রাসায়নিক অস্ত্রের হুমকি দূর করার প্রয়াস নিয়েছেন তিনি।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2013, 04:01 PM

Updated : 23 Aug 2022, 06:53 PM

সিরিয়ার রাসায়নিক অস্ত্র ধ্বংস করতে রাশিয়া যে উদ্যোগ নিয়েছে তা সফল হওয়ার সুযোগ দিতে মঙ্গলবার এক ভাষণে ওবামা দামেস্কে আগ্রাসন পরিকল্পনা নিয়ে কংগ্রেসকে ভোটাভুটি স্থগিত করার আহ্বান জানান। বুধবার এ ভোট হওয়ার কথা ছিল।
ফলে সিরিয়ায় রাসায়নিক অস্ত্র ব্যবহারকে কেন্দ্র করে যুদ্ধের যে দামামা বেজে উঠছিল ওবামা তা আপাতত স্থগিত করলেন।
ভাষণে ওবামা বলেছেন, ‘বর্তমান প্রয়াস সফল হবে কিনা তা এখুনি নিশ্চিত করে বলা যাবে না। কোনো চুক্তি হলে পরে আসাদ সরকার অঙ্গীকার অনুযায়ী কাজ করে কিনা তা খতিয়ে দেখতে হবে৷ তবে রাশিয়ার কারণে শক্তি প্রয়োগ ছাড়াই রাসায়নিক অস্ত্রের হুমকি দূরে রাখার সুযোগ তৈরি হয়েছে ।
আর একারণেই কংগ্রেস নেতাদেরকে সামরিক শক্তির ব্যবহার অনুমোদন করার ভোট স্থগিত রাখতে বলেছেন তিনি।
এর 'কয়েকদিন আগে ওবামা বলেছিলেন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত বাহিনীর হাতে রাসায়নিক অস্ত্র থাকলে তা যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্যও বড় হুমকি৷
সে হুমকি দূরে রাখাসহ যুদ্ধের আশঙ্কাও দূরে ঠেলার সুযোগ করে দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি৷
সিরিয়া রাসায়নিক অস্ত্র সমর্পণ করলে যুক্তরাষ্ট্র হামলা পরিকল্পনা থেকে সরে আসবে বলে কেরি ইঙ্গিত দেয়ার পরই রাশিয়া এ প্রস্তাব মেনে নিতে বলে আসাদকে।
রাশিয়া এরই মধ্যে সিরিয়াকে রাসায়নিক অস্ত্র ত্যাগ করার জন্য চাপ দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে যোগ দেয়ার ইচ্ছা প্রকাশ করেছে বলে জানান ওবামা।
পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বিষয়টি নিয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে আলাপ করতে বৃহস্পতিবার জেনেভা যাবেন।
আর অন্যদিকে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ওবামা নিজেই আলোচনা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।