২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জর্দানের পার্লামেন্টে একে-৪৭ দিয়ে গুলি

জর্দানের পার্লামেন্টে সরকারি নীতি নিয়ে বিতর্কের এক পর্যায়ে এক আইনপ্রণেতাকে লক্ষ্য করে নিজের একে-৪৭ রাইফেল দিয়ে গুলি করার চেষ্টা করেছেন অপর এক আইনপ্রণেতা। তবে এতে কেউ হতাহত হননি।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 11 Sep 2013, 12:59 PM

Updated : 25 Apr 2022, 07:14 PM

মঙ্গলবার পার্লামেন্টের এক বিশেষ অধিবেশনে বাজেট নিয়ে রাজনৈতিক বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে।

প্রস্তাবিত জাতীয় বাজেটের কিছু সংশোধন নিয়ে রোববার পার্লামেন্টে সদস্য কুসাই দমেইসি’র সঙ্গে অপর সদস্য ইয়াহিয়া সৌদ এর বিতর্ক হয়। এই বিতর্কের জের ধরে মঙ্গলবার দমেইসিকে গুলি করার চেষ্টা করেন আরেক সদস্য তালাল আল শরিফ।

সরকারি নীতি বিষয়ে ‘মিথ্যা’ বলার জন্য প্রধানমন্ত্রী আব্দুল্লাহ এনসুরকে অভিযুক্ত করেন সৌদ, এর জবাব দিয়ে প্রধানমন্ত্রীকে অভিযোগ থেকে রক্ষার চেষ্টা করেন দমেইসি। এই নিয়ে প্রবল বিতর্কের এক পর্যায়ে অধিবেশন স্থগিত করেন স্পিকার।

মঙ্গলবার অধিবেশন আবার শুরু হলে আগের বিতর্ক নিয়ে নতুন বিরোধে জড়িয়ে পড়েন দমেইসি ও আল শরিফ। এরই এক পর্যায়ে পরস্পরের দিকে তেড়ে যান তারা। সহসদস্যরা তাদের সরিয়ে নেন।

কিন্তু অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে নিজ গাড়ি থেকে একটি একে-৪৭ রাইফেল নিয়ে অধিবেশন কক্ষে ঢোকার চেষ্টা করেন শরিফ। পার্লামেন্ট রক্ষীরা তাকে বাধা দিলে তিনি অধিবেশন কক্ষের বাইরে থেকে দমেইসিকে লক্ষ করে গুলি করার চেষ্টা করেন।

এ সময় তাকে বাধা দেন সদস্য মরিয়ম আল লোজি। বাধার মধ্যে নিজের রাইফেল থেকে তিনটি গুলি করেন শরিফ। সেগুলো পার্লামেন্ট ভবনের ছাদে ও দেয়ালে আঘাত হানে।

এর পরপরই শরিফকে গ্রেপ্তার করে পুলিশ। হত্যা চেষ্টা ও অবৈধ অস্ত্র রাখার দায়ে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। প্রাথমিকভাবে তাকে ১৪ দিনের আটকাদেশ দেয়া হয়েছে।

পার্লামেন্ট সদস্য হিসেবে তালাল আল শরিফের ভবিষ্যৎ নির্ধারণে বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। জর্দানের বাদশাও এই বিষয়ে একটি ডিক্রি জারি করবেন বলে ধারণা করা হচ্ছে।

গত বছর একই ধরনের এক ঘটনায় টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত টক-শো চলাকালে জর্দান পার্লামেন্টের এক সদস্যকে পিস্তল দিয়ে গুলি করতে উদ্যত হয়েছিলেন অনুষ্ঠানে উপস্থিত অপর সদস্য।