ভয়াল ছবিও ঠেকাতে পারছে না ধূমপান
ধূমপানের কুফল বর্ণনা করে সিগারেটের প্যাকেটে যে ছবি দেয়া হয় তা কিশোর ধূমপায়ীদের মধ্যে খুব কমই প্রভাব ফেলে।
এক গবেষণায় এ তথ্য জানানো হয়েছে বলে বিবিসির এক প্রতিবেদনে দাবি করা হয়েছে।
২০০৮ সাল থেকে যুক্তরাজ্যে ধূমপানের কুফল সম্পর্কে সতর্ক করার জন্য সিগারেটের প্যাকেটে রোগাক্রান্ত ফুসফুস বা হার্ট সার্জারির ছবি ব্যবহার করা হচ্ছে।
কিন্তু স্টির্লিং বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে ১১ থেকে ১৬ বছর বয়সী ধূমপায়ীদের নিরস্ত করতে এই ছবি বলতে গেলে কোনো প্রভাবই ফেলে না।
তামাক নিয়ন্ত্রণ জার্নালে গবেষণাপত্রটি প্রকাশ পায়। যেখানে ছবি ব্যবহারের পূর্বে ও পরের তরুণদের মধ্যে তামাক গ্রহণের মাত্র সম্পর্কে তথ্য প্রকাশ করা হয়। সিগারেটের প্যাকেটে ছবি ব্যবহারে আগে ধূমপানের কুফল সম্পর্কে শুধু লেখা থাকতো।
গবেষণায় মোট ২৮০০ শিশুকে প্রশ্ন করা হয়। যাদের ১০ জনের মধ্যে একজন ধূমপায়ী। আর বাকিদের মধ্যে কেউ অধূমপায়ী আবার কেউ ধূমপান নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে আগ্রহী।
কিশোরদের মধ্যে যারা অধূমপায়ী বা ধূমপান নিয়ে পরীক্ষা-নিরীক্ষায় আগ্রহী তারা মনে করে ছবি যুক্ত করে দেয়া সতর্কবার্তা দিয়ে তাদের ধূমপান থেকে দূরে রাখা সম্ভব।
যদিও ছবি সংযুক্ত করার পর ধূমপায়ী কিশোরদের মধ্যে সচেতনতা মাত্র ১৩ শতাংশ থেকে ১৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
প্রধান গবেষক ড. ক্রফোর্ড মোদি বলেন, যদিও এটা খুব হতাশজনক যে ছবি ধূমপায়ীদের মধ্যে তেমন কোনো প্রভাব ফেলছে না। তবে অধূমপায়ী ও যারা পরীক্ষা-নিরীক্ষায় আগ্রহী তাদের নিরস্ত করতে এটা সত্যি ইতবাচক প্রভাব রাখছে।
তবে তিনি মনে করেন, ২০০৩ ও ২০০৮ সাল থেকে সিগারেটের প্যাকেটে যথাক্রমে একই বার্তা ও ছবি ব্যবহার করায় মানুষের এর প্রতি সংবেদনশীলতা কমে যাওয়ার ঝুঁকি রয়েছে।
“আমাদের দেশের উচিত নিয়মিত সতর্কবার্তা পরিবর্তন করা। আমার মনে হয় যদি সতর্কবার্তা ঘুরিয়ে ফিরিয়ে দেয়া হয় তবে সেটা বেশি কার্যকর হবে।“
