মুক্তি পাচ্ছেন মুবারক
মিশরে রাজনৈতিক অস্থিরতার মধ্যে মুক্তি পেতে যাচ্ছেন দুই বছর আগে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মুবারক।
বুধবার দেশটির একটি আদালত মুবারকের মুক্তির আদেশ দেয়ার পর প্রসিকিউশন এর বিরুদ্ধে আপিল করবে না বলে জানায়।
ফলে দুই বছর ধরে কারাবন্দি ৮৫ বছর বয়সী মুবারকের মুক্তিতে আর বাধা নেই বলে তার আইনজীবীরা জানিয়েছেন। বৃহস্পতিবারই তিনি মুক্তি পাচ্ছেন বলে আভাস মিলেছে।
২০১১ সালে গণবিক্ষোভের মুখে হোসনি মুবারকের ৩০ বছরের শাসনের অবসান ঘটে। পরের বছর মিশরের ইতিহাসে প্রথম গণতান্ত্রিক নির্বাচনে ক্ষমতায় আসেন মৌলবাদী দল মুসলিম ব্রাদারহুড সমর্থিত মোহাম্মদ মুরসি।
তারপরও চলতে থাকা রাজনৈতিক অস্থিরতার মধ্যে গত মাসে সামরিক অভ্যুত্থানে মুরসি ক্ষমতাচ্যুত হন। এরপর শুরু হয় রক্তক্ষয়ী সংঘাত।
মুরসি সমর্থক ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে সহস্রাধিক নিহত হওয়ার পর দেশটিতে জরুরি অবস্থা জারি হয়, চলছে সান্ধ্য আইনও।
চলমান এই অস্থিরতার মধ্যেই মুক্তি পেতে যাচ্ছেন মুবারক। আর তা আরব দেশটির সহিংস রাজনৈতিক পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা বিশ্লেষকদের।
তবে অশীতিপর মুবারক মুক্তি পেলেও রাজনীতিতে তার সক্রিয় হওয়ার সম্ভাবনা কম বলেই মনে করা হচ্ছে।
ক্ষমতাচ্যুত হওয়ার পর ২০১১ সালের এপ্রিল থেকে মিশরের রাজধানী কায়রোর কাছের তোরা কারাগারে রয়েছেন মুবারক।
মুবারককের আইনজীবী ফরিদ আল দিবের আবেদনে তার বিরুদ্ধে চলা একমাত্র দুর্নীতি মামলার শুনানি শেষে বুধবার আদালত তাকে জামিন দেয়।
মুবারকের বিরুদ্ধে আরো একটি মামলায় পুনর্বিচার চলছে। তবে তিনি ওই মামলার চূড়ান্ত রায় পূর্ববর্তী সর্বোচ্চ সাজা ভোগ করায় তার মুক্তিতে আর কোনো বাধা নেই বলে জানান আইনজীবী দিব।
২০১১ সালের ফেব্রুয়ারি মাসে রাজধানী কায়রোর তাহরির স্কোয়ারের শুরু হওয়া গণবিক্ষোভের সময় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে হতাহতের ঘটনায় তার বিরুদ্ধে মামলাটি করা হয়।
মুবারক বিক্ষোভকারীদের ওপর গুলিবর্ষণে আইনশৃঙ্খলা বাহিনীকে বিরত রাখতে পারেননি বলে মামলায় অভিযোগ করা হয়।
ওই মামলায় মুবারকসহ তার কয়েকজন মন্ত্রীর যাবজ্জীবন সাজা হওয়ার পর রায়ের বিরুদ্ধে আপিল করেন তার আইনজীবী।
তবে চূড়ান্ত রায়ের আগেই দুই বছরেরও অধিক সময় সাজা ভোগ করায় এই মামলায় তাকে আর কারাগারে থাকতে হবে না।
ফরিদ আল দিব রয়টার্সকে বলেন, “খুব সম্ভবত আগামীকাল (বৃহস্পতিবার) মুবারক মুক্তি পাচ্ছেন।”
