২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরে সহায়তা স্থগিত করেনি যুক্তরাষ্ট্র

মিশরের সেনা সমর্থিত সরকারের প্রতি কঠোর মনোভাব গ্রহণ করলেও দেশটিতে যুক্তরাষ্ট্রের সহায়তা স্থগিত করা হয়নি। তবে প্রতিবাদ দমনে মিশরীয় কর্তৃপক্ষে চালানো রক্তাক্ত অভিযান এই সহায়তায় প্রভাব ফেলতে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 21 Aug 2013, 03:15 PM

Updated : 23 Aug 2022, 06:45 PM

মঙ্গলবার এক বিবৃতিতে এসব কথা জানিয়েছে হোয়াইট হাউসের মুখপাত্র জোস আর্নেস্ট।

“মিশরের সঙ্গে আমাদের সহায়তার ও সাহায্যকারী ভূমিকার পর্যালোচনা চলছে, কিন্তু এটি এখনো বন্ধ করা হয়নি। সহায়তা বন্ধ করার সিদ্ধান্ত নেয়া হলে ঘোষণা করা হবে, পর্যালোচনা শেষ হলেই কেবল এ বিষয়ে ঘোষণা আসতে পারে,” বলেছেন আর্নেস্ট।

মিশরের সেনাবাহিনীকে আপাতত সহায়তা দেয়া বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র, এক সিনেটরের দপ্তর থেকে এক বিবৃতিতে একথা জানানো হলেও তার বিরোধিতা করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট দপ্তর হোয়াইট হাউস, পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রতিরক্ষা মন্ত্রণালয় তথা পেন্টাগন।

মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসির ক্ষমতাচ্যুতিতে প্রতিবাদরত আন্দোলনকারীদের ওপর সেনাবাহিনীর গত সপ্তাহের দমন-পীড়ন, সোমবার কারাগারে ৩৭ বন্দির “সন্দেহজনক মৃত্যু” এবং মঙ্গলবার মুসলিম ব্রাদারহুডের শীর্ষ নেতা মোহাম্মদ বাদাইয়ের গ্রেপ্তারে মিশরের নতুন অন্তর্বর্তী শাসকদের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক নাজুক হয়ে পড়ে।

এই পরিস্থিতিতে মিশরে যুক্তরাষ্ট্রের সহায়তার বিষয় পর্যালোচনা করার জন্য মঙ্গলবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের নিয়ে বৈঠকে বসেন দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা।

প্রতিবছর মিশরের সেনাবাহিনীকে দেয়া যুক্তরাষ্ট্রের ১ দশমিক ২৩ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা ও প্রায় ২৪১ মিলিয়ন ডলারের প্রতিশ্রুত অর্থনৈতিক সহায়তার ভবিষ্যৎ নির্ধারণ করাই পর্যালোচনা বৈঠকের মূল ইস্যু।

তবে মিশরকে দেয়া সহায়তার বিষয়ে এখনই কোনো সিদ্ধান্ত আসবে বলে মনে করেন না যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। তারপরও যুক্তরাষ্ট্র –মিশর যৌথ সামরিক মহড়া বাতিল ও এফ-১৬ জঙ্গি বিমান সরবরাহ স্থগিত করার ওবামার সিদ্ধান্তের বাইরে আরও কোনো ব্যবস্থা গ্রহণ করা হতে পারে বলে সরাসরি জানিয়েছেন ওই কর্মকর্তারা।

ক্ষমতাচ্যুত সাবেক একনায়ক হোসনি মুবারকের তিন দশকের শাসনামলে মিশরের ঘনিষ্ঠ মিত্র হিসেবে কাজ করেছে যুক্তরাষ্ট্র। কিন্তু ২০১১ সালে গণঅভ্যুত্থানে মুবারক ক্ষমতা হারানোর পর থেকে মিশরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে জটিলতা দেখা দিয়েছে।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা স্বার্থের বিবেচনায় পরিবর্তিত মিশরের পরিবর্তনশীল পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেয়ার প্যাঁচানো রাস্তায় হাঁটছেন ওবামা ও তার নিরাপত্তা উপদেষ্টারা। সেনাবাহিনীর পদক্ষেপে অসন্তোষ প্রকাশ করলেও সেই বাহিনীর সঙ্গে দীর্ঘদিন ধরে বিরাজমান সম্পর্কে ফাটল ধরানোর মতো কোনো পদক্ষেপ নিচ্ছে না।