পাকিস্তানে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের প্রধান শহর কোয়েটা থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। উদ্ধারকৃত বিস্ফোরকের পরিমাণ একশ’ টনেরও বেশি।
মঙ্গলবার রাতে নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করে বলে জানিয়েছে বিবিসি।
পাকিস্তান ফন্ট্রিয়ার কর্পসের কমান্ডার কর্নেল মকবুল জানিয়েছেন, কোয়েটার নতুন আড্ডাহ এলাকার একটি গুদামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়।
তিনি বলেন, “বাহিনীর সদস্যরা গুদামটি থেকে ১ লাখ ৪ হাজার ৪৮০ কেজি বিস্ফোরক পদার্থ উদ্ধার করেছে।”
বিস্ফোরক পদার্থগুলোর মধ্যে পটাসিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড এসিড, হাতে তৈরি বোমার খোল, ডেটোনেটর, বৈদ্যুতিক সার্কিট এবং অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
এক ঘন্টার এই অভিযানে বিপুল পরিমাণ বিস্ফোরক ছাড়াও ১০ সন্দেহভাজন জঙ্গিকে আটক করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
“জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তারকৃতদের হেফাজতে নেয়া হয়েছে,” এক প্রশ্নের উত্তরে বলেন তিনি।
পাকিস্তানের ইতিহাসে এই প্রথম এক সঙ্গে এত বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছেন কর্নেল মকবুল।
কোয়েটার হাজারা টাউনে হামলার সময় একই ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল বলে জানান তিনি। ১৬ এপ্রিলে চালানো ওই হামলায় ১শ’রও বেশি মানুষ নিহত হয়েছিল।
“এই বিস্ফোরক পদার্থগুলো আত্মঘাতী পোশাকেও ব্যবহার করা যায়,” বলেন তিনি।
গুদামের ভিতর তৈরি করা পাঁচটি গোপন প্রকোষ্ঠে বিস্ফোরকগুলো রাখা হয়েছিল। আন্তঃসাম্প্রদায়িক সহিংসতা ও বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহ কবলিত বেলুচিস্তানের রাজধানীতে নাশকতার জন্য এগুলো মজুদ করা হয়েছিল বলে জানান মকবুল।
সম্প্রতি কোয়েটায় বেশ কয়েকটি ভয়াবহ জঙ্গি হামলায় কয়েকশত মানুষ নিহত হয়েছেন।
