রায়ের অপেক্ষায় ম্যানিং
উইকিলিকসকে যুক্তরাষ্ট্রের গোপন নথিপত্র দেয়ার অভিযোগে অভিযুক্ত মার্কিন সেনা ব্র্যাডলি ম্যানিংয়ের বিচারের রায় হচ্ছে বুধবার।
বুধবার সকাল ১০টায় রায় ঘোষণা করা হবে বলে মঙ্গলবার জানিয়েছেন সামরিক বিচারক কর্নেল ডেনিস লিন্ড। যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী তার ৯০ বছরেরও বেশি কারাদণ্ড হওয়ার সম্ভবনা আছে।
যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর এক মুখপাত্র জানান, মঙ্গলবার থেকে রায় পড়া শুরু করেছেন বিচারক লিন্ড, পরে বুধবার চূড়ান্ত রায় ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তিনি।
২৫ বছর বয়সী ম্যানিং যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর একজন ‘প্রাইভেট ফাস্ট ক্লাশ’। ২০১০ সালে বাগদাদে মোতায়েন থাকাকালে তিনি নিম্ন পর্যায়ের গোয়েন্দা বিশ্লেষক ছিলেন। ওই সময় যুক্তরাষ্ট্রের ৭ লাখেরও বেশি গোপন নথি, যুদ্ধক্ষেত্রের ভিডিও ও কূটনৈতিক বার্তা তিনি উইকিলিকস ওয়েবসাইটের হাতে তুলে দেন।
উইকিলিকস ওইসব নথি, ভিডিও ও কূটনৈতিক বার্তা ইন্টারনেটে তাদের ওয়েবসাইটে প্রকাশ করলে বিশ্বব্যাপী ব্যাপক আলোড়ন তৈরি হয়।
বাগদাদে যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর অভিযানের প্রকাশিত একটি ভিডিও দেখে বিশ্বের অনেকেই মর্মাহত হন। ২০০৭ সালে ধারণ করা ওই গোপন ভিডিওতে যুক্তরাষ্ট্রের একটি অ্যাপাচি হেলিকপ্টার থেকে ইরাকের রাজধানী বাগদাদে সন্দেভাজন বিদ্রোহীদের ওপর গুলিবর্ষণ করতে দেখা যায়।
অ্যাপাচি হেলিকপ্টার থেকে করা ওই গুলিবর্ষণে সংবাদ সংস্থা রয়টার্সের দুই সাংবাদিকসহ ১২ জন নিরাপরাধ মানুষ নিহত হয়েছিলেন।
ম্যানিংয়ের তুলে দেয়া গোপন নথি ইত্যাদি প্রকাশ করে উইকিলিকস ও এর প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ আন্তর্জাতিকভাবে ব্যাপক আলোচিত হয়ে উঠেন। পাশপাশি সরকারি গোপনীয়তা নিয়েও বিশ্বব্যাপী বির্তক শুরু হয়।
এই কাজের মাধ্যমে ম্যানিং যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ও গোয়েন্দা কার্যক্রমকে ঝুঁকিতে ফেলে দিয়েছেন বলে অভিযোগ আনা হয়। তার বিরুদ্ধে রাষ্ট্রের শত্রুদের সহায়তা, গোয়েন্দাগিরি ও চুরির অভিযোগ আনা হয়।
তবে সবচেয়ে মারাত্মক অভিযোগ ‘রাষ্ট্রের শত্রুদের সহায়তা’ আদালতে প্রমাণ করা যায়নি। কিন্তু অন্যান্য ২০টি অভিযোগে দোষি সব্যস্ত হন তিনি।
এসব অপরাধে তার ৯০ বছরেরও বেশি কারাদণ্ড হওয়ার সম্ভবনা আছে। ম্যানিংয়ের আইনজীবীরা তার দণ্ড ৬০ বছরে সীমিত রাখার আবেদন করেছেন, কিন্তু বাদী পক্ষ এর বিরোধীতা করে ম্যানিংয়ের তারুণ্যে প্রভাবিত না হওয়ার বিষয়ে বিচারকের দৃষ্টি আকর্ষণ করেছেন।
এদিকে, যুক্তরাষ্ট্রের একটি মানবাধিকার গোষ্ঠি চলতি বছরের নোবেল শান্তি পুরস্কারের প্রার্থী হিসেবে ম্যানিংয়ের নাম থাকা উচিত বলে মন্তব্য করেছে।
