যুক্তরাজ্যে ফিরছে জোঁক চাষের সুদিন
দুইশ বছর আগে জোঁক চাষে ‘ইউরোপের রাজধানী’ হিসেবে খ্যাতি ছিল যুক্তরাজ্যের ওয়েলসের। চিকিৎসায় ব্যবহারের জন্য আবারো সেই জোঁক চাষে এগিয়ে এসেছে তারা।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ভিক্টোরিয়ান যুগে ব্রিটেনে প্রতি বছর চিকিৎসার জন্য চার কোটি ২০ লাখের বেশি জোঁক ব্যবহার করা হতো। উনিশ শতকেই এ খাত থেকে বছরে আয় হতো ১০ লাখ পাউন্ড, যার এক চতুর্থাংশের যোগান দিত ওয়েলস।
কিন্তু গত শতকে চিকিৎসায় এই প্রাণীটির ব্যবহার নিয়ে প্রশ্ন ওঠায় জোঁক চাষের দুর্দিন শুরু হয়। তবে সম্প্রতিক সময়ে চিকিৎসায় আবার জোঁকের ব্যবহার বৃদ্ধি পাওয়ায় ফিরতে শুরু করেছে সেই সব দিন।
সংখ্যায় আগের মতো কোটি না হলেও ইউরোপের বিভিন্ন হাসপাতালে বছরে ৬০ হাজার জোঁক সরবরাহ করে যুক্তরাজ্য। আর যুক্তরাজ্যের জোঁক সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে এক নম্বরে রয়েছে সোয়ানসি’জ বায়োফার্ম।
এছাড়া বাত, আঘাতে সৃষ্ট ব্যাথা, মাংসপেশীর ব্যাথা বা মাংসপেশী ক্ষতিগ্রস্ত হলে তা সারাতেও জোঁক ব্যবহারের পরামর্শ দেন তারা।
বায়োফার্ম লিচেসের কার্ল পিটার্স-বন্ড বিবিসিকে বলেন, জোঁকের তিন জোড়া চোয়ালে তিনশর বেশি সরু দাঁত আছে, যা দিয়ে তারা মানুষের দেহে লেগে থাকে। নির্বিঘ্নে রক্ত চুষে নিতে জোঁকের মুখ থেকে এক ধরনের শক্তিশালী তরল নিঃসৃত হয়, যা মানুষের শরীরে রক্ত জমাট বাঁধা রোধ করে।
“এটাই জোঁককে মাইক্রোসার্জারিতে ব্যবহারের উপযুক্ত করে তুলেছে। বিশেষ করে ভাঙা আঙুল বা হাড় জোড়া লাগানোর মতো জটিল অস্ত্রোপচার করার সময়।”
বড় ধরনের দুর্ঘটনায় ধমনী ক্ষতিগ্রস্ত হলে আঘাতপ্রাপ্ত অঙ্গে রক্ত চলাচল ব্যাহত হয়। আর রক্ত চলাচল বন্ধ হয়ে গেলে শরীরের ওই অংশের কোষের মৃত্যু ঘটা শুরু হয়। এসব ক্ষেত্রে জোঁক ব্যবহার করলে লম্বা সময় রক্ত চলাচল স্বাভাবিক রাখা সম্ভব হয়। এই সময়ের মধ্যে অস্ত্রোপচার করে ফেলা যায়।
কার্ল পিটার্স-বন্ড বলেন, চিকিৎসা ক্ষেত্রে সমাদর বাড়ায় এখন আবার ওয়েলসে ল্যাবরেটরিতে জোঁকের চাষ হচ্ছে, যেখানে দুই-তিনশ বছর আগে এর চাষ ছিল স্বাভাবিক কৃষির মতো।
